পরীক্ষার আগে মেলা শুরু না করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার আগে দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বিজুলে কাটলা মেলা আয়োজনের অনুমতি না দেওয়ার জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসী জানিয়েছেন, পরীক্ষার আগে মেলা শুরু হলে পরীক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন হবে। সেই সঙ্গে মেলার স্থান বদলানো না হলে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীর লেখাপড়ার ক্ষতি হবে। আজ ২৩ জানুয়ারি থেকে মেলা শুরু হওয়ার কথা রয়েছে।গত সোমবার সরেজমিনে দেখা গেছে, মেলার স্থান হিসেবে বিজুল মডেল উচ্চবিদ্যালয় ও বিজুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও বিদ্যালয়ের পেছনে আবাদি জমি নির্ধারণ করা হয়েছে। গত বছরও ওই স্থানে মেলা বসেছিল। ওই স্থান থেকে ২০০ গজের মধ্যে রয়েছে বিজুল দারুল হুদা মাদ্রাসা ও বিজুল বালিকা বিদ্যালয়। এলাকার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা জানিয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হবে। এর মধ্যে মেলা শুরুর খবরে তারা উদ্বিগ্ন। বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসায় ৪৩ জন দাখিল পরীক্ষার্থী, বিজুল মডেলে ৩২ জন, বিজুল বালিকা বিদ্যালয়ে ১০ জন এসএসসি পরীক্ষার্থী রয়েছে। বিজুল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক জানান, মেলা শুরুর খবর পেয়ে তাঁর বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, মেলা কমিটির কাছ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মোটা অঙ্কের টাকা পায়। যার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে মেলা চললেও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও কর্তৃপক্ষ কোনো প্রতিবাদ করে না। বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিন্নাহ জানান, শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন স্থানে ও পরীক্ষার আগে কোনোভাবেই মেলা করা ঠিক নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। জেলা প্রশাসক মো. শামীম আল রাজী জানান, এখনো কাটলা মেলা চালুর জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। কাটলা মেলা পরিচালনা কমিটির সম্পাদক মো. ইমদাদুল হক চৌধুরী জানান, পোস্টারে মেলা শুরুর তারিখ ২৩ জানুয়ারি দেওয়া হলেও শুরু হবে ২৬ জানুয়ারি। তার আগে তিনি ঠিকই মেলা শুরুর অনুমতি পাবেন বলে জানান। এই মেলায় চরম অশ্লীলতা ও মেলার কারণে পরীক্ষার্থীদের ক্ষতি নিয়ে গত বছরের ৫ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘বিরামপুরে মেলার নামে অশ্লীল নৃত্য’ শীর্ষক সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পরের দিন কর্তৃপক্ষ ওই মেলা বন্ধ করে দেয়।