এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের আর দুই সপ্তাহ বাকি (১৮ আগস্ট)। অথচ রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই পরীক্ষা শেষ হওয়ার আগেই একটি কেন্দ্রের ব্যবহারিক পরীক্ষার নম্বর প্রস্তুতের যে ঘটনা ঘটেছিল, সে ঘটনায় এখনো তদন্ত শুরুই হয়নি।
কেন্দ্রটি রাজশাহী সরকারি সিটি কলেজ। এ কেন্দ্রে রাজশাহী কলেজ ও রাজশাহী মহিলা কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। গত ২৫ জুন তাদের ব্যবহারিক পরীক্ষা শেষ হয়। অথচ এক দিন আগেই বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের কয়েকটি ব্যবহারিক পরীক্ষার নম্বর উঠে যায়। কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নির্ধারিত পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটটি খুলে নম্বর ইনপুট করতে গিয়ে দেখেন আগেই নম্বর দেওয়া হয়ে গেছে। পরে তৈরি নম্বরপত্রের প্রিন্ট কপি নিয়ে রাখেন তিনি। এ ব্যাপারে কেন্দ্রসচিব পরের দিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক ও জেলা প্রশাসককে বিষয়টি লিখিতভাবে অবহিত করেন। ঘটনাটি নিয়ে গত ২৫ জুন প্রথম আলোয় একটি খবর প্রকাশিত হয়। পরে এই নম্বর ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় ২৯ জুন বোর্ডের সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষা বোর্ডের সচিব আনোয়ারুল হক প্রামাণিককে প্রধান করে গঠিত কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহীর একটি সরকারি কলেজের একজন শিক্ষক ও রাজশাহী শিক্ষা বোর্ডের কম্পিউটার বিভাগের প্রধান প্রকৌশলীকে সদস্য রাখা হয়েছে। ৩০ জুন আনুষ্ঠানিকভাবে কমিটিকে তদন্তের ভার দেওয়ার কথা ছিল। সে সময় রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রথম আলোকে বলেছিলেন, তদন্ত শেষ করতে অন্তত ১০ কার্যদিবস লাগবে।
এরপর এক মাস পার হলেও তদন্ত শুরু না হওয়া প্রসঙ্গে জানতে চাইলে আনোয়ারুল হক প্রামাণিক বলেন, ‘এই কমিটিতে রুয়েট ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা রয়েছেন। বিষয়টি জটিল। তদন্ত করতে সময় লাগবে।’