এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলেও রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার আগেই একটি কেন্দ্রের ব্যবহারিক পরীক্ষার নম্বর তৈরির ঘটনায় তদন্ত কমিটি এখনো আনুষ্ঠানিক বৈঠকেই বসেনি। তবে কমিটির আহ্বায়কের দাবি, তাঁরা অবশ্যই তদন্ত শেষ করবেন।
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্র ছিল রাজশাহী সরকারি সিটি কলেজ। এই কেন্দ্রে রাজশাহী কলেজ ও রাজশাহী মহিলা কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। গত ২৫ জুন তাদের সব ব্যবহারিক পরীক্ষা শেষ হয়। অথচ তার এক দিন আগেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ওই কেন্দ্রের ব্যবহারিক পরীক্ষার নম্বর উঠে যায়। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নির্ধারিত পাসওয়ার্ড দিয়ে সাইটটি খুলে নম্বর ইনপুট দিতে গিয়ে দেখেন আগেই সব নম্বর দেওয়া হয়ে গেছে।
এ ব্যাপারে কেন্দ্রসচিব পরের দিন স্থানীয় থানায় একটি জিডি করেন এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক ও জেলা প্রশাসককে বিষয়টি লিখিতভাবে জানান।
গত ২৫ জুন প্রথম আলোয় ‘পরীক্ষার আগেই নম্বর প্রস্তুত’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। পরে এই নম্বর শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়। তখন ২৬ জুন প্রথম আলোয় ‘নম্বরপত্র সরিয়ে ফেলা হয়েছে’ শিরোনামে আরেকটি প্রতিবেদন ছাপা হয়।
এরপর ২৯ জুন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। শিক্ষা বোর্ডের সচিব আনোয়ারুল হক প্রামাণিককে আহ্বায়ক করে ওই কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহীর একটি সরকারি কলেজের একজন করে শিক্ষক এবং শিক্ষা বোর্ডের কম্পিউটার বিভাগের প্রধান প্রকৌশলীকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্র জানায়, ৩০ জুন থেকে আনুষ্ঠানিকভাবে এই কমিটির সদস্যদের তদন্তের ভার দেওয়ার কথা ছিল। কিন্তু কমিটি এখনো আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেনি।
গতকাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর তদন্ত কমিটির আহ্বায়ক ও রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব আনোয়ারুল হক প্রামাণিক প্রথম আলোকে বলেন, কমিটিতে যেসব প্রকৌশলী আছেন তাঁদের ব্যস্ততার কারণে তদন্ত এগোয়নি। আরও দু-একটি বৈঠক লাগবে। তারপর তদন্তের কাজ শেষ হবে।
এর আগে কোনো বৈঠক হয়েছে কি না, এ প্রশ্নে সচিব বলেন, ‘আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। তবে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে।’ আদৌ তদন্তের কাজ শেষ হবে কি না, প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই হতে হবে।’