পরীক্ষার কথা বিবেচনা করে হরতাল তুলে নিন: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

দেশজুড়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার সময় ১৮-দলীয় জোটের ডাকা হরতাল কর্মসূচি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রী আজ শনিবার বিকেলে ঢাকার মিন্টো রোডে তাঁর বাসভবনে এক সংবাদ ব্রিফিংয়ে হরতালকে শিক্ষাবিরোধী, মানবতাবিরোধী ও ভবিষ্যত্ প্রজন্ম ধ্বংসকারী কর্মসূচি আখ্যায়িত করেন এবং ১৮-দলীয় জোটের ডাকা হরতাল প্রত্যাখ্যান করার আহ্বান জানান।

এ বছর প্রায় ২১ লাখ শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেবে। ৪ নভেম্বর থেকে এসব পরীক্ষা শুরু হওয়ার কথা। পরীক্ষাগুলো শেষ হওয়ার কথা ২০ নভেম্বর। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবিতে দেশের প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট ৪ থেকে ৬ নভেম্বর দেশজুড়ে হরতালের ডাক দিয়েছে।হরতালের কারণে পরীক্ষা বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, যাঁরা পরীক্ষার ঠিক আগমুহূর্তে বিবেকবর্জিত এ কর্মসূচি দিয়েছেন, তাঁদেরকেই বলতে হবে, তাঁরা কী চান। তিনি বলেন, ‘আমরা চার মাস আগে এ পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছি এবং সেভাবেই পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিয়েছি। কিন্তু তারা (১৮-দলীয় জোট) পরীক্ষার ঠিক আগ মুহূর্তে কর্মসূচি দেওয়ায় আমরা খুবই ক্ষুব্ধ ও উদ্বিগ্ন।’

হরতাল তুলে না নেওয়া হলে মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নেবে, এমন প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ বলেন, তারা (১৮-দলীয় জোট) এটা প্রত্যাহার করুক। না করলে পরবর্তী সিদ্ধান্ত আগামীকাল রোববার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। এর আগে এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেছিলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে পরামর্শ করে পরীক্ষা আয়োজন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নাম প্রকাশ না করার শর্তে বোর্ডের একজন কর্মকর্তা জানান, আগামীকাল পরীক্ষা বিষয়ে শিক্ষামন্ত্রীর একটি সংবাদ সম্মেলন করার কথা। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে।