পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত শহরের সাতমাথা-তিনমাথা (স্টেশন রোড) সড়ক অবরোধ শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। বিকেল পাঁচটা পর্যন্ত সেখানেই অবস্থান করে তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, এর আগে সরকারি শাহ সুলতান কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে সেখানকার শিক্ষকদের দ্বারা নানাভাবে নির্যাতিত, অপদস্থ ও হয়রানির শিকার হয়েছে। এ ছাড়া দূরত্ব ও যাতায়াত সমস্যায় ভুগতে হয়েছে। এ কারণে ৩ এপ্রিল শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষাকেন্দ্র অন্য যেকোনো প্রতিষ্ঠানে স্থানান্তর চায় তারা। কিন্তু সেই দাবি মেনে না নিয়ে উল্টো শাহ সুলতান কলেজের পরীক্ষাকেন্দ্র আজিজুল হক থেকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা প্রথম আলোকে জানায়, সরকারি শাহ সুলতান কলেজ থেকে কেন্দ্র পরিবর্তন চেয়ে ৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা বোর্ডে স্মারকলিপি দেয় তারা। এতে দূরত্ব ও যোগাযোগ সমস্যার কথা উল্লেখ করা হয়। কিন্তু তাদের দাবি পূরণ হয়নি। এ জন্য তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।
জানতে চাইলে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ সামস্-উল আলম প্রথম আলোকে বলেন, দূরত্ব ও যোগাযোগ সমস্যার কারণে এই কলেজের দেড় হাজার পরীক্ষার্থী তাদের কেন্দ্র পাশের মজিবুর রহমান মহিলা কলেজে স্থানান্তর চেয়ে এক মাস আগে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা বোর্ডে আবেদন করে। কিন্তু সেই দাবি আমলে না নিয়ে এখান থেকে শাহ সুলতান কলেজের পরীক্ষাকেন্দ্র মজিবুর রহমান মহিলা কলেজে পরিবর্তন করা হয়েছে। এ ঘটনায় কলেজের ৪০ হাজার শিক্ষার্থী ক্ষুব্ধ। কেন্দ্র পরিবর্তনের দাবি না মানা হলে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করা কঠিন হবে।
সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন আহমদ বলেন, পরীক্ষাকেন্দ্রে কাউকে নির্যাতন করা কিংবা হয়রানির অভিযোগ সঠিক নয়।
জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন বলেন, সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের কেন্দ্র পরিবর্তনের দাবি বিবেচনার জন্য আবেদনটি শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছিল। কিন্তু শাহ সুলতান কলেজের কেন্দ্র পরিবর্তনের কোনো সুপারিশ পাঠানো হয়নি। অথচ জেলা প্রশাসনকে না জানিয়েই শাহ সুলতান কলেজের কেন্দ্র আজিজুল হক কলেজ থেকে অন্যত্র পরিবর্তন করা হয়েছে। এখন উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে উদ্ভূত পরিস্থিতি শিক্ষা বোর্ডকে জানিয়ে দেওয়া হবে।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, জেলা প্রশাসনের সুপারিশেই কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজিজুল হক কলেজের কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন জেলা প্রশাসন পাঠায়নি। উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসন যেভাবে কেন্দ্রবিন্যাস চাইবে, সেভাবেই বোর্ড সিদ্ধান্ত নেবে।