পরীক্ষার কেন্দ্র বহাল রাখার দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সরকারি কলেজে স্নাতক (সম্মান) পরীক্ষার কেন্দ্র বহাল রাখার দাবিতে গতকাল সোমবার ক্যাম্পাসে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।ক্যাম্পাস সূত্রে জানা যায়, এতদিন সুনামগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) বিষয়ে শিক্ষার্থীরা সুনামগঞ্জেই পরীক্ষা দিয়ে আসছিলেন। গত শনিবার তাঁদের জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সুনামগঞ্জে পরীক্ষার কেন্দ্র বাতিল করা হয়েছে। তাঁদের সিলেটে গিয়ে পরীক্ষা দিতে হবে। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেন। বাংলা বিভাগের শিক্ষার্থী সাধন সরকার জানান, ১৭ মে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের পরীক্ষা। এই মুহূর্তে কেন্দ্র বাতিলের খবর শুনে বেকায়দায় পড়েছেন তাঁরা। সিলেটে গিয়ে পরীক্ষা দেওয়ার মতো আর্থিক সামর্থ্য অনেক শিক্ষার্থীর নেই। এ ব্যাপারে সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অধ্যক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আছেন। আমি তাঁকে এবং স্থানীয় সাংসদকে বিষয়টি জানিয়েছি।’