পরীক্ষার কয়েক দিন আগে কেন্দ্র বাতিল, ভোগান্তিতে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় চলতি জেএসসি ও জেডিসি পরীক্ষার কয়েক দিন আগে গত ৩১ অক্টোবর একটি ভেন্যুকেন্দ্র বাতিল করা হয়। এতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪১৬ জন পরীক্ষার্থীকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
উপজেলা প্রশাসন, শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে তালগাছী আবু ইসাহাক উচ্চবিদ্যালয়। এখানে একটি কেন্দ্র রয়েছে। তবে এবার এই মূল কেন্দ্রের পাশাপাশি তালগাছী করতোয়া কলেজে একটি ভেন্যুকেন্দ্র করা হয়। এই ভেন্যুকেন্দ্রে তালগাছী আবু ইসাহাক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার কথা ছিল। উপজেলা প্রশাসন থেকে এই ভেন্যুকেন্দ্রে পরীক্ষার সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়। কিন্তু শাহজাদপুরের এক কেন্দ্রের সচিব এস এম সাইফুল ইসলামের আপত্তির কারণে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে জেলা প্রশাসককে এই ভেন্যুকেন্দ্রটি বাতিলের জন্য চিঠি দেওয়া হয়। পরে এটি বাতিল হয়ে যায়। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ৪১৬ জন পরীক্ষার্থীকে ১২ কিলোমিটার পথ অতিক্রম করে উপজেলা সদরে পরীক্ষা দিতে হচ্ছে।
আকলিমা খাতুন, মুন্নি খাতুন ও মোনায়েম হোসেনসহ কয়েকজন পরীক্ষার্থী জানায়, হঠাৎ ওই ভেন্যুকেন্দ্র বাতিল হওয়ায় তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এ বিষয়ে তালগাছী আবু ইসাহাক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ আক্তার জানান, শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসনের অনুমতি নিয়ে শিক্ষার্থীদের জন্য তালগাছী মূল কেন্দ্রের পাশাপাশি তালগাছী করতোয়া কলেজে ওই ভেন্যুকেন্দ্র করা হয়। কিন্তু শাহজাদপুর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব এস এম সাইফুল ইসলামকে খুশি না করায় তাঁর আপত্তিতে পরীক্ষা শুরু হওয়ার দুই দিন আগে ভেন্যুকেন্দ্র বাতিল করা হয়। এতে শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
তবে এ ব্যাপারে সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নিজ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। এ কারণে তাদের উপজেলা সদরে এসে পরীক্ষা দিতে হচ্ছে। শিক্ষা বোর্ডের নিয়মানুযায়ী ভেন্যুটি বাতিল হয়েছে, এখানে তাঁর কোনো দোষ নেই।
উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মূল কেন্দ্রের প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের ভেন্যুকেন্দ্রে পরীক্ষা গ্রহণে বাধা নেই। তবে কেন্দ্রসচিব পৃথক থাকতে হবে। এই কেন্দ্রটি কেন বাতিল হলো, সেটি বোর্ড কর্তৃপক্ষ বলতে পারবে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ প্রথম আলোকে জানান, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনায় এনে ওই ভেন্যুকেন্দ্র স্থাপন করা হয়। এতে বোর্ড ও জেলা প্রশাসনের অনুমোদন রয়েছে। সে অনুযায়ী আলাদাভাবে কেন্দ্রসচিব নিয়োগ করে পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়। কিন্তু একজন কেন্দ্রসচিবের মাধ্যমে বোর্ডে আপত্তি দেওয়ায় বোর্ড কেন্দ্রটি বাতিল করতে জেলা প্রশাসককে চিঠি দেয়। যে কারণে কেন্দ্রটি বাতিল করা হয়।