পরীক্ষার খাতা ও নিবন্ধন কার্ড ফেলে পালাল কথিত পরীক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে কথিত এক পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন বেঞ্চে খাতা ও নিবন্ধন কার্ড ফেলে পালিয়ে গেছে। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
ওই কেন্দ্রের সচিব বিমলেন্দু সরকার বলেন, ‘কেন্দ্রের কক্ষ থেকে কথিত ওই পরীক্ষার্থীর রেখে যাওয়া খাতা ও নিবন্ধন কার্ড উদ্ধার করা হয়েছে। বদরগঞ্জ ডিগ্রি কলেজের বাণিজ্য শাখার প্রকৃত পরীক্ষার্থী রবি চন্দ্র পালের প্রবেশপত্রের ছবি পরিবর্তন করে ওই যুবক গতকাল হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা দিচ্ছিল। এ ঘটনায় প্রকৃত পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ওই কেন্দ্র সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটায় এইচএসসির হিসাববিজ্ঞান পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হওয়ার ২০ মিনিট আগে ওই পরীক্ষার্থীর ব্যাপারে কক্ষ পরিদর্শক মেহেদি হাসানের সন্দেহ হয়। তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে কেন্দ্রসচিব বিমলেন্দু সরকারকে জানান। বিষয়টি টের পেয়ে ওই পরীক্ষার্থী কেন্দ্র থেকে দৌড় দিয়ে পালিয়ে যায়। কথিত ওই পরীক্ষার্থী বাংলা, ইংরেজিসহ ইতিমধ্যে পাঁচটি বিষয়ে পরীক্ষা দিয়েছে।
এ ব্যাপারে কেন্দ্রে কর্তব্যরত পুলিশ কনস্টেবল আফজাল হোসেন ও ইলিয়াছ মিয়া বলেন, ‘আমরা আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছি। কে ভুয়া পরীক্ষার্থী, সেটা নিশ্চিত করবেন শিক্ষকেরা। তাঁরা ধরে আমাদের হাতে দেবেন। কিন্তু সেটা করা হয়নি।’ ওই শিক্ষার্থী কেন্দ্র ত্যাগ করার পর কেন্দ্রসচিব বিমলেন্দু বলছেন, ‘ওকে ধরো, ও ভুয়া পরীক্ষার্থী। কিন্তু তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি।’
এ ব্যাপারে জানতে চাইলে কক্ষ পরিদর্শক মেহেদি হাসান বলেন, ‘হিসাববিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র খুবই কঠিন ছিল। এ কারণে পরীক্ষার্থীরা খুব ধীরে লিখছিল। কিন্তু ওই পরীক্ষার্থী জোরেশোরে লিখে যাচ্ছিল। এ সময় কৌতূহলবশত ওই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডটি দেখতে চাইলে সে কার্ডের অর্ধাংশ দেখায়। এতে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদের পর বিষয়টি কেন্দ্রসচিবকে জানাতে গেলে সে দৌড়ে পালিয়ে যায়।’