পরীক্ষার খাতা জালিয়াত চক্রের সদস্য গ্রেপ্তার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাস কোর্স পরীক্ষার খাতা জালিয়াত চক্রের এক সদস্যকে গত সোমবার রাতে ছয়টি খাতাসহ সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।সিরাজগঞ্জ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) অধিনায়ক শহিদুল্লাহ্ জানান, সোমবার রাত আটটার দিকে র্যাব সদস্যরা শহরের বাজার স্টেশন চত্বরে সম্পা হোটেল থেকে পাবনার ঈশ্বরদীর দুর্গাপুর গ্রামের শহীদুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাস কোর্স পরীক্ষার ছয়টি খাতা উদ্ধার করা হয়। শহীদুল দীর্ঘদিন ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় বেশি নম্বর পাইয়ে দেওয়ার কথা বলে পাবনা ও সিরাজগঞ্জের ছাত্রছাত্রীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে আসছেন। তিনি টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের কাছে সাদা খাতা রেখে যান। শিক্ষার্থীরা নতুনভাবে ওই খাতায় লিখে তাঁর কাছে জমা দেয়। পরে পূর্বের অনুষ্ঠিত পরীক্ষার খাতার ভেতরের লেখা পাতাগুলো খুলে নতুন লেখা খাতাটি অন্তর্ভুক্ত করা হয়। গত সোমবার রাতে সিরাজগঞ্জ সরকারি কলেজের এক ছাত্র তাঁকে সাদা খাতা আনার কথা বললে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছয়টি খাতা নিয়ে আসেন। খাতাগুলো ওই ছাত্রকে বুঝিয়ে দেওয়ার সময় র্যাব সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।জানা গেছে, শহিদুল ২০০৭ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে ইংরেজিতে স্নাতক (সম্মান) পাস করেন। এ কাজের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন কলেজের ছাত্র ও শিক্ষকেরা জড়িত বলে শহিদুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানিয়েছেন।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওয়ারেছ জানান, গতকাল শহিদুলকে থানায় সোপর্দ করা হয় এবং র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে। এরপর তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।