পরীক্ষার খাতা রাস্তায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পরীক্ষার খাতার একটি বান্ডিল বিশ্ববিদ্যালয়ের রাস্তায় পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনের রাস্তায় খাতার বান্ডিলটি কুড়িয়ে পান। এরপর তিনি বান্ডিলটি প্রক্টরের কার্যালয়ে জমা দেন। তবে খাতাগুলো কোন শিক্ষাবর্ষের, তা জানা যায়নি। জানতে চাইলে প্রক্টর সাইফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, খাতার বান্ডিলটি কেউ খোলেনি। বান্ডিলের ওপর লেখা থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের বরাবরে খাতার বান্ডিলটি পাঠিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক খোন্দকার সিরাজুল হক। ধারণা করা হচ্ছে, তিনি বহিঃপরীক্ষক হিসেবে খাতাগুলো মূল্যায়ন শেষে পাঠিয়েছেন।খাতার বান্ডিলটি রাস্তায় গেল কীভাবে—এ প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, সাধারণত শিক্ষকেরা খাতা দেখার পর ডাকযোগে পরীক্ষা নিয়ন্ত্রকের বরাবরে পাঠান। এ বান্ডিলটির ওপরও ডাক বিভাগের সিলমোহর আছে। ডাক বিভাগের গাড়ি থেকে এটি পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা-ও খতিয়ে দেখা দরকার। তিনি জানান, বিষয়টি উপাচার্যকে লিখিতভাবে জানানো হয়েছে। আগামী শনিবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।এ বিষয়ে গত রাতে জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী বলেন, তখন পর্যন্ত তিনি ব্যাপারটি জানেন না।