পরীক্ষার চার দিন পর পৌঁছাল প্রবেশপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় চাকরির পরীক্ষার চার দিন পর প্রবেশপত্র পেয়েছেন এক ব্যক্তি।
উপজেলার চণ্ডিপুরহাট ডাকঘরের পোস্টমাস্টার ও পিয়নের দায়িত্বে অবহেলার কারণে তিনি দেরিতে চিঠি পেয়েছেন বলে অভিযোগ করেছেন। যথাসময়ে প্রাপকের কাছে চিঠি পৌঁছে না দেওয়ার আরও কয়েকটি অভিযোগ উঠেছে ওই ডাকঘরের লোকজনের বিরুদ্ধে।
ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার চণ্ডিপুরহাট শাখা ডাকঘরের পোস্টমাস্টার ফজলুল হক ও পিয়ন গিয়াস উদ্দিন নিয়মিত চিঠি বিলি না করে ফেলে রাখেন। প্রাপকের বাড়ি গিয়ে চিঠি বিলি করার নিয়ম থাকলেও ডাকপিয়ন তা মানছেন না। উপজেলার চরবলেশ্বর গ্রামের জাহিদুল ইসলামের একটি চাকরির পরীক্ষা ছিল ১৯ ডিসেম্বর। তিনি পরীক্ষায় অংশ নেওয়ার প্রবেশপত্র পান ২৩ ডিসেম্বর। এর আগে উপজেলার চণ্ডিপুর গ্রামের ইয়াছিন মোল্লা ও চরবলেশ্বর গ্রামের মো. আসাদুলসহ চার থেকে পাঁচজন চাকরির পরীক্ষার প্রবেশপত্রের চিঠি যথাসময়ে বিলি না করার অভিযোগ তোলেন চণ্ডিপুরহাট ডাকঘরের বিরুদ্ধে।
জাহিদুল ইসলাম বলেন, ‘১৯ ডিসেম্বর পরিবারকল্যাণ সহকারী পদে আমার পরীক্ষা ছিল। আমি পরীক্ষায় অংশ নেওয়ার চিঠি (প্রবেশপত্র) পেয়েছি ২৩ ডিসেম্বর। ২৭ নভেম্বর পিরোজপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে প্রবেশপত্রটি ডাক বিভাগের মাধ্যমে পাঠানো হয়। পরে ৩ ডিসেম্বর পিরোজপুর প্রধান ডাকঘর থেকে চিঠিটি সিল দিয়ে পাঠানো হয়। পিরোজপুর থেকে চণ্ডিপুর তিন-চার দিনের মধ্যে চিঠি পৌঁছানোর কথা। অথচ ২০ দিন পর আমি চিঠি পাই। কয়েক মাস ধরে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি। কিন্তু ডাক বিভাগের উদাসীনতার কারণে আমি পরীক্ষায় অংশ নিতে পারিনি।’
মো. আসাদুল বলেন, একটি চাকরির আবেদন করা থেকে পরীক্ষা পর্যন্ত প্রস্তুতি নিতে অনেক কষ্ট করতে হয়। ডাক বিভাগের অবহেলার কারণে অনেকে সমস্যায় পড়ছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা প্রয়োজন।
চরবলেশ্বর গ্রামের জহিরুল ইসলাম বলেন, ‘আমি গতকাল (বুধবার) একটি চিঠির জন্য ওই ডাকঘরে যাই। সেখানে দেখতে পাই অনেক দিন আগে আসা বেশ কিছু চিঠি টেবিলে ফেলে রাখা হয়েছে। চিঠির জন্য আমাদের ডাকঘরে গিয়ে খোঁজখবর নিতে হয়। অথচ তাঁদের দায়িত্ব বাড়ি গিয়ে চিঠি পৌঁছে দেওয়া।’
পোস্টমাস্টার ফজলুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অনেক সময় চিঠি দেরিতে আসায় আমাদের করার কিছু থাকে না। জাহিদুলের চিঠিটি আমি ২৩ ডিসেম্বর হাতে পেয়েছি।’
পিরোজপুর প্রধান ডাকঘরের পোস্টমাস্টার শাহ আলম হাওলাদারের মুঠোফোনে ফোন করা হলেও তিনি ধরেননি।