পরীক্ষার খাতা জালিয়াতির দায়ে তিনজনের কারাদণ্ড
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ডিগ্রি চূড়ান্ত পরীক্ষার খাতা জালিয়াতির দায়ে মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের তিন কর্মচারীকে আজ শনিবার এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন গোলাম মোস্তফা (৫৪), এবাদত হোসেন (৪৫) ও সুভাষ বিশ্বাস (৬০)। তাঁরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খাতা জালিয়াতি চক্রের সদস্য।
এর আগে বাউবি ডিগ্রি চূড়ান্ত পরীক্ষার চার শতাধিক খাতাসহ ওই তিন কর্মচারীকে গতকাল শুক্রবার গভীর রাতে আটক করে পুলিশ।
আজ বেলা সাড়ে তিনটার দিকে মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই তিনজনের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রাজ্জাক প্রথম আলো ডটকমমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ সকালে আবদুর রাজ্জাক প্রথম আলো ডটকমকে জানান, ওই তিন কর্মচারী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার খাতা জালিয়াতির সঙ্গে জড়িত। তাঁদের কাছ থেকে বাউবির ডিগ্রি চূড়ান্ত পরীক্ষার ৪০০ অতিরিক্ত সাদা খাতা উদ্ধার করা হয়েছে। আর্থিক চুক্তির বিনিময়ে তাঁরা এই খাতা পরীক্ষার্থীদের দিয়ে বাড়িতে বসে লিখিয়ে মূল্যায়নের আগে তা মূল খাতার সঙ্গে যুক্ত করে দেন।
আবদুর রাজ্জাক জানান, গতকাল রাত নয়টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তারেক ও পুলিশকে সঙ্গে নিয়ে খাতা উদ্ধার ও জড়িত ব্যক্তিদের আটক অভিযানে নামেন তিনি। পরীক্ষার্থীর অভিভাবক সেজে প্রথমে ওই কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে রাত ১০টার দিকে শহরের মসলা গবেষণা ইনস্টিটিউট এলাকায় গোলাম মোস্তফাকে দুটি খাতাসহ হাতেনাতে আটক করা হয়। পরে সদর উপজেলার শিবরামপুর গ্রামের তাঁর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৩০০টি খাতা উদ্ধার করা হয়। নড়িহাটি গ্রামের বাড়ি থেকে এবাদত হোসেন ও শহরের নিজনান্দুয়ালী থেকে সুভাষ বিশ্বাসকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে আরও ১০০টি খাতা জব্দ করা হয়।
ইউএনও জানান, বাড়িতে বসে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতা লিখছে, এমন খবর পেয়ে মাগুরা সদর উপজেলার মির্জাপুর গ্রামের এক শিক্ষার্থীর বাড়িতে অভিযান চালানো হয়। তবে এই শিক্ষার্থী পালিয়ে যান। সেখান থেকে কিছু খাতা জব্দ করা হয়।
মাগুরা সদর থানার উপপরিদর্শক শেখ আবু হেনা প্রথম আলো ডটকমকে জানান, জিজ্ঞাসাবাদে ওই তিন কর্মচারী খাতা জালিয়াতির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। এ কাজের জন্য প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে তাঁরা বিষয়প্রতি চার থেকে নয় হাজার টাকা পর্যন্ত নিতেন। চক্রটি স্থানীয়ভাবে শিক্ষার্থীদের কাছে অতিরিক্ত খাতা দিয়ে বাড়িতে বসে প্রশ্নের উত্তর লিখিয়ে সেগুলো ঢাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেয়। সেখান সক্রিয় জালিয়াত চক্রটি মূল খাতার সঙ্গে অতিরিক্ত খাতা যুক্ত করে দেয়। গত বছরও ওই তিন কর্মচারী খাতা জালিয়াতি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন। জামিনে বের হয়ে তাঁরা আবারও এই অপকর্মের সঙ্গে যুক্ত হয়েছেন।
খাতা জালিয়াতির অভিযোগ সম্পর্কে মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস প্রথম আলো ডটকমকে বলেন, ‘গতকাল সকালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি এবং বিকেলে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ডিগ্রি চূড়ান্ত পরীক্ষা ছিল। জালিয়াতির ঘটনা জানার পর আমাদের কাছে সংরক্ষিত খাতা পরীক্ষা করে দেখেছি। আমাদের কাছে থাকা কোনো খাতা খোয়া যায়নি। অন্যভাবে কিছু হতে পারে। কলেজ থেকে কিছু হয়নি।’
ঘটনা সম্পর্কে কিছু জানেন না উল্লেখ্য করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাগুরা জেলার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘প্রতি শুক্রবার পরীক্ষা হয়। কয়েক মাস হলো ডিগ্রি চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষে খাতা সিলগালা করা পর্যন্ত আমি উপস্থিত ছিলাম। এই সময় পর্যন্ত জালিয়াতি হওয়ার সুযোগ ছিল না।’