পরীক্ষার চেয়ে জীবন বড়, তাই পেছানো হলো: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পরীক্ষার চেয়ে শিক্ষার্থীদের জীবন বড়, তাই পরীক্ষা পেছানো হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল চারটায় সিলেটের সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আজকাল হরতাল-অবরোধে জনজীবনে কোনো প্রভাব ফেলছে না। হরতালও কেউ মানছে না। ঢাকা থেকে শুরু করে ছোট শহরেও হরতালে যানজট দেখা দেয়। আমরা চাইলে পরীক্ষা নিতে পারতাম। তবে হরতাল-অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ডে কোনো শিক্ষার্থীর জীবন যাতে বিপন্ন না হয়, এ সতর্কতায় পরীক্ষা পেছানো হয়। পরীক্ষার চেয়ে একজন শিক্ষার্থীর জীবন বড়।
টানা অবরোধ ও একের পর এক হরতালের কারণে শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, উল্লেখ করে নুরুল ইসলাম নাহিদ বলেন, সমগ্র শিক্ষা পরিবার চরম বিড়ম্বনায় ও সর্বনাশার পর্যায়ে এসে দাঁড়িয়েছে। বিএনপি-জামায়াত জোট অবরোধ-হরতাল দিয়ে দেশকে সর্বনাশের দিকে ফেলে দিয়েছে। বছরের নভেম্বর-ডিসেম্বর মাস দেশের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষা হয় এ সময়। এ সময়কে তারা হাতিয়ার করে এগুচ্ছে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘চলতি এসএসসি ও সমমানের পরীক্ষা একের পর এক পেছানোয় আমরা দেশের শুধু এসএসসি বা সমমানের ১৫ লাখ নয়, দেশের পাঁচ কোটি শিক্ষার্থীকে নিয়ে বড় ঝুঁকির মধ্যে আছি।’
শিক্ষার্থীদের নিয়ে রাজনীতির মাশুল ভবিষ্যতে দিতে হবে, জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এই প্রজন্ম একদিন দেশের গুরুত্বপূর্ণ পদে আসীন হবে। তারা দেশ চালাবে। তাদের শিক্ষাজীবনে দেশের এই অবস্থা, ২০-দলীয় জোটের কাণ্ডজ্ঞানহীন কর্মসূচি, পেট্রলবোমা, নাশকতায় নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, ‘আমি মনে করি এতে করে নতুন প্রজন্মের মনে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দেবে, যা অর্ধশতাব্দী ধরে জাতিকে খেসারত দিতে হবে।’
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমি আগেও একাধিকার বলেছি, এখনও বলছি, অন্তত শিক্ষার্থীদের স্বার্থে অবরোধ-হরতাল অন্তত চার ঘণ্টা বাদ দেন। আমাকে চার ঘণ্টা সময় দিলেই আমি নির্বিঘ্নে পরীক্ষা শেষ করে শিক্ষার্থীদের তাদের সুন্দর জীবনের দিকে ধাবিত করতে সক্ষম হব।’
সংবাদ সম্মেলনে সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গোলাম কিবরিয়া তাপাদার, সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মান্নান খান উপস্থিত ছিলেন।
২০-দলীয় জোটের হরতাল বাড়ানোয় আগামীকাল বুধবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। বুধবারের পরীক্ষা শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন