ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিরোধিতা করা বিএনপি পরীক্ষা করার জন্য একটি ইভিএম পাঠাতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি দিয়েছে।তবে ইভিএম বিএনপির দপ্তরে পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি ইভিএম সরবরাহের অনুরোধ জানিয়ে বিএনপি গতকাল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি চিঠি দেয়। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত চিঠিটি কমিশনের সচিব মোহাম্মদ সাদিকের কাছে জমা দেন দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ। চিঠিতে বলা হয়েছে, ইসি পর্যায়ক্রমে সব নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ায় ইতিপূর্বে এ বিষয়ে বিএনপির আপত্তি অবহিত করা হয়েছিল। ইভিএম এমন একটি যন্ত্র, যার ত্রুটি নিয়ে বহির্বিশ্বে ব্যাপক সমালোচনা রয়েছে। এ যন্ত্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় থাকায় নির্বাচনে যন্ত্রটির ব্যবহার বিএনপি গ্রহণযোগ্য মনে করে না। তা সত্ত্বেও দলের বিশেষজ্ঞদের দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে একটি ইভিএম বিএনপির কেন্দ্রীয় দপ্তরে সরবরাহের জন্য দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।এ বিষয়ে পরে মুহাম্মদ ছহুল হোসাইন জানান, ইভিএম বিএনপির দপ্তরে পাঠানো সম্ভব নয়। বিএনপি চাইলে তাদের কারিগরি প্রতিনিধি নিয়ে ইসিতে এসে ইভিএম পরীক্ষা করতে পারে।