পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে হেনরির শটগান
সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও যুবলীগের নেতা সেলিম আহমেদের ওপর গুলির ঘটনায় দায়ের করা মামলায় মহিলা আওয়ামী লীগের নেত্রী জান্নাত আরা তালুকদার হেনরির জব্দকৃত শটগান পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার কনস্টেবল আবদুল ওহাব সিদ্দিক ও মো. রফিকুল ইসলাম শটগানটি গতকাল সোমবার সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির গবেষণাগারে নিয়ে যান। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম রোববার শটগানটি পরীক্ষা করে দেখার অনুমতি দিয়েছিলেন।
সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে সোনালী ব্যাংক পর্ষদের সাবেক পরিচালক এবং মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হেনরির বাসভবনে বুধবার রাতে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদের ওপর গুলির ঘটনা ঘটে। সেলিমসহ তাঁর ভাইদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে ঘটনাটি ঘটে। এতে সেলিম আহত হন।