
পাবনার ঈশ্বরদী উপজেলায় যাজক লুক সরকার হত্যাচেষ্টা মামলার তদন্ত মূলত আক্রমণকারীর ফেলে যাওয়া মোটরসাইকেলকে ঘিরেই হচ্ছে। এর নিবন্ধনে ভুয়া নাম উল্লেখ থাকায় পুলিশ চেসিস নম্বর নিয়ে তদন্ত করছে।
মোটরসাইকেলের মালিকানা নিশ্চিত করার জন্য পরীক্ষা করতে তা ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিসে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, ইতিমধ্যে মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর সঠিক কি না, তা নিশ্চিত করার জন্য বিআরটিএতে যোগাযোগ করা হয়েছে। ইঞ্জিনের নম্বরটিতে ঘষামাজা রয়েছে। তবে চেসিসের নম্বরটি বোঝা যাচ্ছে। দু-এক দিনের মধ্যেই ঢাকায় ব্যালাস্টিক পরীক্ষার জন্য মোটরসাইকেলটি পাঠানো হবে। পাবনা বিআরটিএ থেকে পুলিশ নিশ্চিত হয়েছে, মোটরসাইকেলের নিবন্ধনটি ঠিক ছিল না।
ঘটনার পাঁচ দিন অতিবাহিত হওয়ার পরও যাজক লুক সরকার হত্যাচেষ্টার মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। পুলিশ হামলায় জড়িত সন্দেহে গত মঙ্গলবার ওবায়দুল ইসলাম (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করে। তবে লুক সরকার বলেছেন, ওই যুবক হামলার সময় উপস্থিত ছিল না।
পুলিশ অবশ্য দাবি করছে, যেকোনো সময় এ মামলায় ভালো ফল জানানো হবে।
গতকাল শুক্রবারও লুক সরকার তাঁর কর্মস্থলে যোগ দেননি। ছেলে ফ্রান্সিস মিঠুন সরকার মুঠোফোনে জানান, তাঁর বাবা কিছুটা সুস্থ, তবে তিনি এখনো কাজে যাচ্ছেন না।
গত সোমবার বাড়িতে ঢুকে স্থানীয় একটি গির্জার যাজক লুক সরকারকে (৫০) গলা কেটে হত্যার চেষ্টা করে কয়েকজন দুর্বৃত্ত।