পরীক্ষার জন্য 'বৃক্ষ-মানবের' রক্ত যাচ্ছে যুক্তরাষ্ট্রে
বিরল রোগে আক্রান্ত আবুল বাজনদারের রক্ত, লালাসহ বিভিন্ন নমুনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতায় যুক্তরাষ্ট্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। ওই নমুনার পরীক্ষার ফল আসার পর চিকিৎসকেরা কাজ শুরু করবেন।
আজ সোমবার মেডিকেল বোর্ডের সদস্য এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সামন্ত লাল সেন বলেন, ‘ইন্দোনেশিয়ায় একই রকম উপসর্গ নিয়ে একজন ব্যক্তি দীর্ঘদিন ভুগেছেন। যুক্তরাষ্ট্রের একজন চিকিৎসক তাঁর চিকিৎসা করেন। ওই চিকিৎসক আবুল বাজনদারের চিকিৎসার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন।’
খুলনার পাইকগাছার বাসিন্দা আবুল বাজনদার গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাঁর দুই হাতের তালুর চামড়া এবং ১০টি আঙুল প্রসারিত হয়ে গাছের শিকড়ের মতো হয়ে গেছে। ১৫ বছর বয়স থেকে তাঁর ডান হাঁটুর নিচে আঁচিলের মতো একধরনের গোটা উঠতে থাকে। পরে দুই হাতের কনুই পর্যন্ত এবং দুই পায়ের হাঁটু পর্যন্ত আঁচিলে ভরে যায়।
আবুল বাজনদার প্রথম আলোকে বলেন, জ্বালা-যন্ত্রণার জন্য ওষুধ দিয়েছে। আজ (সোমবার) রক্ত নিয়েছে, এক্স-রেও করা হয়েছে। হাসপাতালে তাঁর কোনো অসুবিধা হচ্ছে না বলেও জানান তিনি।
চিকিৎসকদের ধারণা, আবুল এপিডার্মোডাইসপ্লাসিয়া ভেরাসিফরমিস নামের একটি বিরল রোগে ভুগছেন। এই রোগের জন্য দায়ী একধরনের ভাইরাস। এ ছাড়া জিনগত কারণেও এ রোগ হতে পারে।