জাতীয় বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন। এ জন্য এখন থেকে পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ তিন মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে।
রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে গতকাল বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের যেকোনো পরীক্ষার ফল প্রকাশে গড়ে ছয় থেকে সাত মাস লাগে। আগে আরও বেশি সময় লাগত। সেশনজট এক বছর থেকে প্রায় দেড় বছর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক সম্মান পড়ানো সরকারি কলেজগুলোকে আগের মতো সরকারি বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার প্রক্রিয়া শুরুর পর এই সংবাদ সম্মেলন করা হলো। লিখিত বক্তব্যে বলা হয়, প্রধানমন্ত্রী বা তাঁর সরকার যে দিকনির্দেশনা দেবেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা বাস্তবায়নে সর্বাত্মকভাবে সচেষ্ট থাকবে।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) কোর্সের শিক্ষার্থীরা যাতে ঠিক সময়ে পাস করতে পারেন, সে জন্য প্রতিবছরের পরীক্ষার নির্দিষ্ট সময়সূচি অগ্রিম ঘোষণা করা হয়েছে। এখন থেকে যাঁরা ভর্তি হবেন, তাঁদের ক্ষেত্রে কোনো সেশনজট থাকবে না। আর যাঁরা বিভিন্ন বর্ষের পুরোনো শিক্ষার্থী তাঁদের সেশনজট নিরসনে ‘ক্রাশ প্রোগ্রাম’ হাতে নেওয়া হয়েছে। পরীক্ষার ফল সর্বোচ্চ তিন মাসের মধ্যে প্রকাশের জন্য দ্বিতীয় পরীক্ষক পদ্ধতি বাতিল করে প্রধান পরীক্ষকের তত্ত্বাবধানে একক পরীক্ষা পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। পরীক্ষামূলকভাবে গত ১১ নভেম্বর শেষ হওয়া ২০১২ সালের চতুর্থ বর্ষের (সম্মান) পরীক্ষার ফল তিন মাসের কম সময়ের মধ্যে প্রকাশের জন্য কাজ চলছে। ফল যাতে ন্যূনতম সময়ের মধ্যে প্রকাশিত হয়, সে জন্য সহ-উপাচার্যের (শিক্ষা) নেতৃত্বে একটি ‘বিশেষ সেল’ গঠন করা হয়েছে।
লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, দুর্ভাগ্যবশত উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবদান, এ পর্যন্ত অর্জন ও উন্নয়নের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে না জেনে বা জানতে না চেয়ে কেউ কেউ সুযোগ পেলেই এ প্রতিষ্ঠান সম্পর্কে বিরূপ মন্তব্য করতে ছাড়ছেন না। এ কথা বললে অত্যুক্তি হবে না যে দেশে এমন অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, সেসবের চেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনেক কলেজের অবস্থান সার্বিক বিবেচনায় ঊর্ধ্বে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৭ ডিসেম্বর সিনেটের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য মুনাজ আহমেদ, কোষাধ্যক্ষ নোমান উর রশীদ, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান প্রমুখ।
১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর অধিভুক্ত কলেজ দুই হাজার ১৫৪টি, শিক্ষার্থী প্রায় ২১ লাখ।