পরীক্ষার দাবিতে আমরণ অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা শুরুর দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান স্কুলের শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন। গতকাল রোববার বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন তাঁরা।
শিক্ষার্থীরা জানান, জীববিজ্ঞান স্কুলের টার্ম ফাইনাল পরীক্ষা গত ২৩ জুন ঘোষণা করা হয়। কিন্তু ডিন নিয়োগ নিয়ে শিক্ষকেরা দুভাগে বিভক্ত হয়ে পড়েছেন। নিয়োগ অনিয়ম ও বিধি ভঙের অভিযোগ করে নতুন ডিনের অধীনে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণ করছে না শিক্ষকদের একটি অংশ।
বর্তমান ডিনের নিয়োগ-প্রক্রিয়া যথাযথ বলে প্রশাসনের পক্ষে অবস্থান নিয়েছে শিক্ষকদের অপর অংশ। এমন পরিস্থিতিতে ২৪ জুন শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় তাঁরা সামনের সড়কও অবরোধ করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষকেরা পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের জন্য ২৬ জুন পর্যন্ত সময় নেন। কিন্তু ওই তারিখে তাঁরা কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। ২ জুলাই শিক্ষার্থীরা পরীক্ষার দাবিতে মানববন্ধন করেন। ৩ জুলাই সংবাদ সম্মেলনের মাধ্যমে ৭ জুলাই বেলা একটার মধ্যে পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা না হলে আমরণ অনশনের হুমকি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান জানান, ‘শিক্ষার্থীরা এখন নিরূপায়। তাঁদের দাবি ও কর্মসূচি আমি অন্যায় বলব না।’