পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে গতকাল সোমবার তালা ঝুলিয়ে দিয়েছেন ছাত্রছাত্রীরা। এ সময় তাঁরা বিভাগের সামনে অবস্থান ধর্মঘট করেন। পরে সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের আশ্বাসে তাঁরা তিন দিনের জন্য আন্দোলন প্রত্যাহার করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে মোট নয়টি ব্যাচ রয়েছে। ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাস্টার্স পরীক্ষা শেষ হলেও থিসিসের (গবেষণা) কাজ এখনো সম্পন্ন হয়নি। এমন অবস্থায় গত ৩০ জানুয়ারি ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর মাধ্যমে আরও একটি নতুন ব্যাচ যোগ হয়েছে। এ ছাড়া বিভাগের কয়েকটি শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ হলেও এখনো ফল প্রকাশ করা হয়নি। এদিকে কোর্স শেষ হলেও ফলাফল প্রকাশ না হওয়ায় অন্যান্য ব্যাচের পরীক্ষা হচ্ছে না।
শিক্ষার্থীরা বলছেন, এর আগেও তাঁরা বিভাগের শিক্ষকদের সঙ্গে একই দাবিতে কথা বলেছেন। কিন্তু কোনো কাজ হয়নি। ফলে তাঁরা গতকাল বিভাগে তালা ঝুলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তালা ঝোলানোর পর একপর্যায়ে তাঁরা বিভাগের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা আনোয়ারুল হক ও প্রক্টর মাহবুবর রহমান ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কথা শোনেন।
প্রক্টর মাহবুবর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাইরে আছেন। তাঁর সঙ্গে আলোচনা করে দ্রুত বিষয়গুলোর সমাধান করার আশ্বাস দেওয়া হয়েছে।