পরীক্ষার দিন প্রশ্ন ছাপার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পেলেও ফাঁসের উৎস এখনো খুঁজে বের করতে পারেনি তদন্ত কমিটি৷
তবে ভবিষ্যতে বোর্ডের প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার দিন সকালে বিশেষ ব্যবস্থায় কেন্দ্র বা স্থানীয় পর্যায় থেকে প্রশ্নপত্র ছাপানোসহ একগুচ্ছ সুপারিশ করতে যাচ্ছে তদন্ত কমিটি৷ কমিটির দায়িত্বশীল সূত্রে এসব তথ্য পাওয়া গেছে৷
জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোহরাব হোসাইন গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘আশা করছি, আগামী সপ্তাহেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে৷ এখনো আমরা প্রশ্নপত্র ফাঁসের উৎস বের করতে না পারলেও চেষ্টা করে যাচ্ছি৷ একই সঙ্গে ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁস রোধে বেশ কিছু সুপারিশ করতে যাচ্ছি৷’
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষাটি স্থগিত করা হয়৷ গত ১০ এপ্রিল এই পরীক্ষা হওয়ার কথা ছিল৷ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ১০ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় একটি এবং ঢাকা শিক্ষা বোর্ড আরেকটি তদন্ত কমিটি গঠন করে৷ দুটি কমিটিকেই ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়৷ মন্ত্রণালয়ের কমিটি আরও ১৫ কর্মদিবস সময় বৃদ্ধি করে৷
তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, তদন্তকাজ প্রায় শেষ করে এখন সুপারিশ ও প্রতিবেদন লেখার কাজ চলছে৷ নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, ইংরেজি দ্বিতীয় পত্রের যে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, সেটি মূল প্রশ্নের সঙ্গে হুবহু মিলেছে৷ আরেকজন সদস্য বলেন, কোথা থেকে ফাঁস হলো, তাঁর প্রকৃত তথ্য তাঁরা পাননি৷ সরকারি গোয়েন্দা সংস্থার মাধ্যমেও প্রশ্নপত্র ফাঁসের উৎস বের করার চেষ্টা চলছে৷
প্রাথমিকভাবে ঠিক করা তদন্ত কমিটির সুপারিশের মধ্যে স্থানীয়ভাবে প্রশ্ন ছাপানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে৷ এ প্রক্রিয়ায় একটি বিষয়ের জন্য ২০টিরও বেশি সেট প্রশ্নপত্র করা এবং তা একটি সিডি বা অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে একজনের দায়িত্বে রাখা হবে৷ পরীক্ষার দিন সকালে কোন সেটে পরীক্ষা হবে, সেটি ঠিক করে নির্ধারিত পাসওয়ার্ড জেলা ও উপজেলা প্রশাসন বা কেন্দ্রের দায়িত্বরত ব্যক্তিকে জানিয়ে দেওয়া হবে৷ পরে সকালেই এ কাজের জন্য নির্ধারিত প্রিন্টারের মাধ্যমে সেটি প্রিন্ট করা হবে৷
এ কাজের জন্য বিদ্যুৎ, ইন্টারনেট ও দ্রুতগতির প্রিন্টার অতি প্রয়োজন হলেও কমিটি মনে করে, বর্তমানে সেটি সম্ভব৷ কারণ, বিদ্যুৎ না থাকলেও জেনারেটর আর সৌরবিদ্যুৎ দিয়েও সেই কাজ করা যাবে৷ এটি পরীক্ষা শুরুর আগেই করে রাখা হবে৷
এ বিষয়ে কমিটির একজন দায়িত্বশীল সদস্য প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে প্রথমে কেউ কেউ হাসাহাসিও করতে পারেন। কিন্তু প্রযুক্তির মাধ্যমে এটি সম্ভব এবং এ ছাড়া প্রশ্নপত্র ফাঁস রোধ করা কঠিন হবে৷
এ ছাড়া প্রশ্নপত্র তৈরির সঙ্গে সংশ্লিষ্ট সবারই সরকারি গোয়েন্দাদের মাধ্যমে নিরাপত্তা ছাড় নেওয়া (বর্তমানে এটি করা হয় না), প্রশ্নপত্রের প্যাকেট উন্নত করে নিরাপত্তা ট্যাগ ব্যবহার করা, প্রশ্নপত্রের প্যাকেট খোলার দায়িত্বরত ব্যক্তি ছাড়া প্রতিনিধির মাধ্যমে তা না খোলা (অনিবার্য কারণ ছাড়া), যেসব জায়গা থেকে প্রশ্নপত্র বিতরণ করা হয়, সেখানে ম্যাজিস্ট্রেট রাখার সুপারিশ থাকছে প্রতিবেদনে৷
বর্তমানে সৃজনশীলের প্রশ্নপত্র সারা দেশে একই হয়৷ ফলে এক জায়গায় প্রশ্ন ফাঁস হলে সারা দেশেই সেটি ছড়িয়ে যায়৷ তাই কমিটি সৃজনশীলের প্রশ্নপত্রও সব বোর্ডে অভিন্ন না করার সুপারিশ করছে৷