এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নতুন সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে চট্টগ্রাম নগরের নবম, দশম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা। ‘সাধারণ ছাত্র সমাজ’-এর ব্যানারে গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মূল প্রবেশ ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা পৃথকভাবে মিছিল নিয়ে গতকাল নগরের মুরাদপুর এলাকায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে এসে জড়ো হয়।
শিক্ষার্থীরা নগরের ব্যস্ততম সিডিএ অ্যাভিনিউ অবরোধ করার চেষ্টা করলেও পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে শিক্ষা বোর্ডের সামনে দুপুর সোয়া ১২টা থেকে সোয়া ২টা পর্যন্ত শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এ সময় নিজেদের দাবির পক্ষে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে তারা। শিক্ষার্থীদের গতকালের কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম।
২০১৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সাতটি সৃজনশীল প্রশ্ন থাকবে। এ পদ্ধতি বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। গত শনিবারও বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেয় সাউথ এশিয়ান কলেজের সাজ্জাদুল ইসলাম ও সৈয়দ তানভীর মাহমুদ। তারা বলে, আগে সৃজনশীল প্রশ্ন ছিল ছয়টি। এ জন্য সময় বরাদ্দ ছিল ২ ঘণ্টা ১০ মিনিট। ২০১৭ সাল থেকে সাতটি সৃজনশীল প্রশ্ন লিখতে হবে। কিন্তু সময় বাড়ানো হয়েছে মাত্র ১০ মিনিট। এ অল্প সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর লেখা কঠিন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, আগে ছয়টি সৃজনশীল প্রশ্নের জন্য সময় বরাদ্দ ছিল ২ ঘণ্টা ১০ মিনিট। এখন সাতটি প্রশ্নের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ ঘণ্টা ৩০ মিনিট। অর্থাৎ একটি প্রশ্নের জন্য সময় বাড়ানো হয়েছে ২০ মিনিট। শিক্ষার্থীরা সময় স্বল্পতার যে অভিযোগ করছে, তা সঠিক নয়। শিক্ষার্থীদের গতকালের কর্মসূচির কারণে শিক্ষা বোর্ডের কার্যক্রমে সমস্যা হয়নি বলে জানান তিনি।