পরীক্ষার নতুন পদ্ধতি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৭ সালের এসএসসি পরীক্ষার নতুন পদ্ধতি বাতিলের দাবিতে গতকাল সোমবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ‘বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগরের স্কুলসমূহ’—এই ব্যানারে কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে কলেজিয়েট স্কুল, নাসিরাবাদ উচ্চবিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) ১০ নম্বর কমবে। এই ১০ নম্বর যুক্ত হবে সৃজনশীল অংশে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলে, তাদের ওপর ছয়টির পরিবর্তে সাতটি সৃজনশীল প্রশ্ন চাপিয়ে দেওয়া হয়েছে। যা তাদের আতঙ্কিত করে তুলছে। তাই এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। গতকালের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন চট্টগ্রাম নগর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম। তিনি বলেন, হঠাৎ শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত একটি সৃজনশীল প্রশ্ন চাপিয়ে দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা মানসিক চাপে ভুগছে। এর ফলে সৃজনশীল পদ্ধতির সুফল পাওয়া যাবে না। তাই আগের নিয়মে ছয়টি সৃজনশীল প্রশ্ন বহাল রাখার দাবি জানান তিনি।