পরীক্ষার পদ্ধতি এবং ফলাফল নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকুনগুনিয়া শনাক্ত করতে বেসরকারি হাসপাতালগুলোর পরীক্ষা পদ্ধতি ও ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

এডিস মশাবাহী চিকুনগুনিয়া ছড়িয়ে পড়েছে ঢাকার বিভিন্ন এলাকায়। আর আক্রান্ত ব্যক্তি ও তার স্বজনেরা ছুটছে বিভিন্ন হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারে। চিকুনগুনিয়া সম্পর্কে নিশ্চিত হতে অনেকে পরীক্ষা করাচ্ছে।

আইইডিসিআর বলছে, চিকুনগুনিয়া সঠিকভাবে পরীক্ষা করার স্বীকৃত ব্যবস্থা ‘আরটি-পিসিআর’ একমাত্র আইইডিসিআরেই আছে।

আইসিডিডিআরবি ও বেসরকারি অ্যাপোলো হাসপাতাল জানিয়েছে, তাদেরও চিকুনগুনিয়া শনাক্ত করার যন্ত্র আছে। তারা যথাক্রমে চার ও পাঁচ হাজার টাকা নেয়। তবে আইইডিসিআর বিনা মূল্যে নমুনা পরীক্ষা করে।

এ ছাড়া আরও কয়েকটি বেসরকারি হাসপাতাল জানিয়েছে, সেখানে চিকুনগুনিয়া পরীক্ষার ব্যবস্থা আছে। এসব হাসপাতালে ‘আইজিজি-আইজিএম’ পদ্ধতির দুটি পরীক্ষার জন্য নেওয়া হচ্ছে ১ হাজার টাকার বেশি।

চিকুনগুনিয়া পরীক্ষার জন্য হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্রে না যাওয়ার জন্য রোগীদের পরামর্শ দিয়ে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা বলেন, ‘চিকুনগুনিয়ার নির্ভরযোগ্য পরীক্ষার জন্য আইইডিসিআর ছাড়া আর দু–একটি জায়গার কথা আমরা শুনেছি। কিন্তু এ ব্যাপারে আমরা নিশ্চিত না। কারণ, ওই জায়গাগুলো থেকেও মাঝে মাঝে আমাদের কাছে রোগী পাঠানো হয়।’

আইইডিসিআরের পরিচালক আরও বলেন, ‘আইজিজি-আইজিএমের সমস্যা হচ্ছে, এটাতে ফলস পজিটিভ ও ফলস নেগেটিভের হার সব সময় বেশি থাকে। এ কারণে আমরা এটাকে সুপারিশ করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে আরটি-পিসিআর। এতে চিকুনগুনিয়ার ভাইরাস মোটামুটি নির্ভুলভাবে চিহ্নিত করা যায়।’

আর চিকুনগুনিয়ার লক্ষণ দেখা দিলেও তা পরীক্ষার ব্যাপারে উদ্গ্রীব না হওয়ার পরামর্শ মীরজাদী সেব্রিনার। তাঁর মতে, এই পরীক্ষার ফলাফলে রোগীর চিকিৎসা পদ্ধতিতে কোনো পরিবর্তন আসে না। তাই পরীক্ষার জন্য অপেক্ষা কিংবা টাকা খরচ না করে প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলাই ভালো।

মীরজাদী সেব্রিনা আরও বলেন, ‘আমরা ল্যাবগুলোকে ওদের ওখানে করা পরীক্ষার রিপোর্ট পাঠানোর সঙ্গে সঙ্গে রোগীর রক্তের নমুনাও পাঠাতে বলেছিলাম। অনেকে রিপোর্ট পাঠায়। কিন্তু এ পর্যন্ত একটি ল্যাবের কাছ থেকেও রক্তের নমুনা পাইনি।’