পরীক্ষার পাস নম্বর বাড়ানোর চিন্তা
পাবলিক পরীক্ষায় পাস নম্বর বাড়ছে। প্রতি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষায় পাস নম্বর ৩৩ থেকে বাড়িয়ে তা ৪০ করার পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলো কে বলেন, গ্রেড পদ্ধতি চালু হওয়ার পর পাবলিক পরীক্ষায় পাসের হার বাড়ছে। পাশাপাশি নতুন এই ব্যবস্থায় উত্তরপত্রে শিক্ষকদের নম্বর দেওয়ার প্রবণতায় আগের থেকে বেড়েছে। পরীক্ষার্থীরা এখন পরীক্ষায় আগের থেকে বেশি নম্বর পাচ্ছে। এসব বিষয় মাথায় রেখে পরীক্ষায় পাস নম্বর ৪০ করার চিন্তা-ভাবনা করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানায়, বিষয়টি চিন্তা-ভাবনার মধ্যে থাকলেও এ বিষয়ে সংশ্লিষ্টরা সবাই ইতিবাচক।
জানতে চাইলে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান প্রথম আলো কে বলেন, বিষয়টি তাঁদের ভাবনায় আছে। শিক্ষার উন্নয়নে এ রকম বিভিন্ন চিন্তা-ভাবনা তাঁদের আছে।
সাম্প্রতিক বছরগুলোতে এসএসসি, এইচএসসি, জেএসসি ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার প্রতি বছর বাড়ছে। কিন্তু শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ করে আসছেন, পাসের হার ও জিপিএ-৫ বাড়লেও শিক্ষার মান সেই অর্থে বাড়ছে না। এসব কারণে গত কয়েক বছর ধরে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা নানা ধরনের প্রশ্ন তুলে আসছেন।