পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২ হাজারের বেশি শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে গতকাল রোববার শান্তিপূর্ণভাবে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু পরীক্ষার প্রথম দিনে দুই হাজারের বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
তবে এত সংখ্যক পরীক্ষার্থীর অনুপস্থিত থাকার কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি।
জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে জেলার সদর, নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ৭৭টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩০ হাজার ১১৪ জন। এর মধ্যে গতকাল অনুষ্ঠিত ইংরেজি বিষয়ের পরীক্ষায় ২৮ হাজার ৪০৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
অন্যদিকে, জেলার পাঁচটি উপজেলায় ইবতেদায়ি পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৪৬৯ জন। সেখানে অংশ নেয় ১ হাজার ৯৯৪ জন। অর্থাৎ ৪৭৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) ফজলুল হক গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, এত সংখ্যক পরীক্ষার্থীর অনুপস্থিতির বিষয়টি নিয়ে তিনিও উদ্বিগ্ন। তবে কী কারণে এসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি, তা তদন্ত করে বের করা হবে।