পরীক্ষার প্রথম দিনেই জ্যামিতিক বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের প্রিয় বিষয় জ্যামিতিকে নিয়ে বিড়ম্বনায় প্রথম দিন কাটাতে হলো বাংলাদেশের প্রতিযোগীদের। ৫৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) প্রথম দিনের তিনটি সমস্যার মধ্যে সবচেয়ে কঠিন ছিল জ্যামিতির সমস্যাটি।

এ কারণে বাংলাদেশ দলের কোনো সদস্যই সমস্যাটি সমাধান করতে পারেনি। তবে বীজগণিতের প্রথম সমস্যাটি সবাই সমাধান করেছে বলে জানিয়েছে। সাজিদ আখতার তার সমাধানে খুশি নয়। দিনের বাকি সমস্যাটি ছিল কম্বিনেট্ররিক্সের এবং যথারীতি খুবই কৌশলী। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য নূর মোহাম্মদ শফিউল্লাহর মনে হয়েছে যেকোনো মুহূর্তে সমাধানটি হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত সেটি ঘটতে দেখা যায়নি।
আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল নয়টা থেকে কেপটাউন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কেন্দ্রে দুটি কক্ষে আইএমওর পরীক্ষা পর্ব শুরু হয়। টানা সাড়ে চার ঘণ্টার এই পরীক্ষায় তিনটি গাণিতিক সমস্যা সমাধানের জন্য দেওয়া হয়েছে। বাংলাদেশ দলের সদস্যরা আশা করছে কাল বুধবারের পরীক্ষায় অপেক্ষাকৃত সহজ সমস্যা দুটি হবে সংখ্যাতত্ত্ব এবং জ্যামিতির।
পরীক্ষা পর্বের আগের দিন গত সোমবার সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৫৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। শুরুতে নিজ ক্যাম্পাসে সবাইকে স্বাগত জানান ইউনিভার্সিটি অব কেপটাউনের উপাচার্য ম্যাক্স প্রাইজ। তিনি বলেন, ‘যদিও প্রথমবারের মতো আফ্রিকার কোনো দেশে আইএমও অনুষ্ঠিত হচ্ছে, তার পরও এটা ভাবার কারণ নেই যে গণিতে আফ্রিকানদের ঐতিহ্য কম। বরং মিসরীয়দের হাতেই সূচিত হয়েছে আধুনিক জ্যামিতির।’
ম্যাক্স প্রাইজের উপস্থাপনায় জানা গেল, দক্ষিণ আফ্রিকা ও সোয়াজিল্যান্ডের সীমান্তে ৩৫ হাজার পুরোনো শিলালিপিতে মানুষের আদি গণনার চিহ্ন পাওয়া গেছে।
আইএমওর উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব হলো মঞ্চে অংশগ্রহণকারী দলগুলোর প্যারেড। এবার আইএমওতে অংশগ্রহণের ঐতিহাসিক ক্রম হিসেবে দলগুলো মঞ্চে ওঠে। ফলে প্যারেড শুরু হয় রুমানিয়াকে দিয়ে। কারণ, ১৯৫৯ সালে রুমানিয়াতে হয়েছিল এই অলিম্পিয়াডের সূচনা। ৮৭তম দল হিসাবে মঞ্চে উঠে বাংলাদেশের ছয়জন প্রতিযোগী এবং উপদলের নেতা। প্যারেডের সময় দেখা যায়, ইউরোপের মন্টেনিগ্রো দেশের দলে কোনো ছেলে নেই। তিনজনই মেয়ে। ২০০৯ সালে সংযুক্ত আরব আমিরাতের ছয় মেয়ে প্রতিযোগীর পর এবার আবার মেয়েদের একটি দল দেখা গেল। কিউবা, পানামা ও ঘানা দলে একজন করে প্রতিযোগী অংশ নিচ্ছে। আইএমওতে মোট ১০১টি দল অংশ নিচ্ছে।
অগামীকাল বুধবার বাংলাদেশ সময় বেলা একটায় দ্বিতীয় দিনের পরীক্ষা শুরু হবে। বিকেল নাগাদ বাংলাদেশ দলের দলনেতা মাহবুব মজুমদার দলের সঙ্গে যোগ দেবেন।
ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় সারা দেশে গণিত উত্সব আয়োজনের মাধ্যমে ৫৫তম আইএমওর জন্য ছয়জনের বাংলাদেশ গণিত দল নির্বাচিত হয়। নির্বাচন ও এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।