পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ও (স্বামী) হয়তো ভেবেছিল, আঙুল কেটে নিলেই আমার পড়ালেখা শেষ। কিন্তু ওর ধারণা মিথ্যা প্রমাণ করতে চাই। পরীক্ষা দিয়ে প্রমাণ করতে চাই, আঙুল না থাকাটা একটা বড় সমস্যা, কিন্তু পরীক্ষা দেওয়া যায়।’ কথাগুলো হাওয়া আক্তার ওরফে জুঁইর। স্বামীর অমতে পড়াশোনা করতে গিয়ে তাঁর ডান হাতের চারটি আঙুল কেটে নেন তাঁর স্বামী। তিনি নরসিংদী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। সম্প্রতি প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। হাওয়ার পরিবার জানায়, আঙুল হারানোর পরও হাওয়া এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য পরীক্ষার ফরমও পূরণ করেছেন। আর এই কাজে তাঁকে সহযোগিতা করছে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)। সংস্থাটি হাওয়ার হাতে কৃত্রিম আঙুল সংযোজনের দায়িত্ব নিয়েছে। হাওয়ার বাবা ইউনুস মিয়া জানান, ৮ জানুয়ারি সিআরপির একটি প্রতিনিধিদল তাঁদের বাসায় আসে। পাঁচ সদস্যের প্রতিনিধিদলটি হাওয়ার ব্যাপারে সার্বিক খোঁজখবর নিয়ে উন্নত চিকিৎসা ও কৃত্রিম আঙুল সংযোজনের জন্য ওই দিনই তাঁকে সাভারে নিয়ে যায়। তিনি বলেন, ‘খুব ভালো লাগছে, অবশেষে আমার মেয়ে কৃত্রিম আঙুলে হলেও পরীক্ষা দিতে পারবে।’সিআরপির অকুপেশনাল থেরাপি বিভাগের প্রধান মাহফুজুর রহমান জানান, উন্নত চিকিৎসার জন্য হাওয়াকে মানসিকভাবে প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি আধুনিক চিকিৎসা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাঁর ক্ষতিগ্রস্ত হাতের সাহায্যে লেখা, চুল বাঁধা, চামচ দিয়ে খাওয়া ও দাঁত ব্রাশ করানোর চেষ্টা চলছে। ফিজিও থেরাপির মাধ্যমে হাতের কবজির জোর বাড়ানোরও চেষ্টা চলছে। হাওয়া আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না জানতে চাইলে মাহফুজুর রহমান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘এভাবে আরও ১০ দিন চিকিৎসা দিয়ে তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। আমরা আশা করছি, পরীক্ষার আগেই হাওয়া নিজ হাতে লিখতে পারার উপযুক্ত হয়ে উঠবেন।’ তবে হাওয়ার বাবা জানিয়েছেন, তাঁর মেয়ে চিকিৎসার পাশাপাশি পরীক্ষায় অংশ নিতে বাঁ হাতে লেখারও অভ্যাস করছেন। হাওয়ার পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্তে খুশি নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক। তিনি বলেন, ‘এটা খুবই সাহসী উদ্যোগ। আমরা একে সাধুবাদ জানাই। প্রয়োজনে হাওয়ার জন্য সিকবেডের ব্যবস্থা করা হবে।’২০০৮ সালের ৩০ জানুয়ারি নরসিংদী সদর উপজেলার ভেলানগর এলাকার হাওয়ার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নুরজাহানপুর গ্রামের রফিকুল ইসলামের বিয়ে হয়। ওই বছরের শেষ দিকে রফিক হাওয়াকে তাঁর বাবার বাড়িতে রেখে দুবাই চলে যান। লেখাপড়ার প্রতি হাওয়ার প্রবল আগ্রহ থাকলেও রফিক চাননি তাঁর স্ত্রী আর পড়াশোনা করুক। পরে রফিক দুবাই চলে যাওয়ার পর তাঁকে না জানিয়েই হাওয়াকে নরসিংদী সরকারি কলেজে ভর্তি করিয়ে দেন তাঁর বাবা। ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে, এই খবর জানতে পেরে রফিক গোপনে দুবাই থেকে দেশে ফিরে আসেন। ৪ ডিসেম্বর সকালে তিনি চাপাতি দিয়ে হাওয়ার ডান হাতের চারটি আঙুল কেটে ফেলেন। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার জিয়া কলোনিতে রফিকের বোনের বাসায় এ ঘটনা ঘটে। ৫ ডিসেম্বর রফিকুলকে তাঁর বোনের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।