পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি চলছিল বিয়ের আয়োজন
চলতি বছরের এসএসসি পরীক্ষা শেষ হতে আরও কয়েক দিন বাকি। এ সময় পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি ছাড়া অন্যদিকে মনোযোগ দেওয়ার ফুরসত নেই পরীক্ষার্থীদের। এরই মধ্যে এক পরীক্ষার্থীর বিয়ের আয়োজন চালিয়ে যাচ্ছিলেন স্বজনেরা। খবর পেয়ে গত শুক্রবার বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ওই ছাত্রীর বিয়ে বন্ধ করেন।
ঠাকুরগাঁও সদরে ওই ছাত্রী স্থানীয় এক উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।
বাংলাদেশ মহিলা পরিষদের ঠাকুরগাঁও শাখা ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে ওই ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। শুক্রবার রাতে তার বিয়ে হওয়ার কথা ছিল। বিষয়টি জানতে পেরে ওই ছাত্রীর এক সহপাঠী স্থানীয় এক সংবাদকর্মীকে বিয়ের কথা জানায়। ওই সংবাদকর্মী বিষয়টি বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক সুচরিতা দেবকে জানিয়ে বিবাহ বন্ধে উদ্যোগ নিতে অনুরোধ করেন। সুচরিতা দেব খবর পেয়ে মহিলা পরিষদের শিক্ষা সম্পাদক জাবিন ইসলাম, আইনগত সহায়তা সম্পাদক শামীমা সুলতানা ও ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শাহনাজ বেগমকে সঙ্গে নিয়ে ওই দিন (শুক্রবার) রাতে ছাত্রীর বাড়িতে হাজির হন। সে সময় তাঁরা ছাত্রীর স্বজনদের তাকে বিয়ে দেওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করেন। অনুরোধে স্বজনেরা রাজি না হলে তাঁরা বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলামকে জানান। ইউএনও তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেদুল ইসলাম প্রধানকে ওই পরীক্ষার্থীর বিয়ে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর শুক্রবার রাতে রাসেদুল ইসলাম প্রধান গিয়ে ওই বিয়ে বন্ধ করে দেন।
এ ব্যাপারে জানতে চাইলে মো. রাসেদুল ইসলাম প্রধান বলেন, এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত গঠন করে বরকে ১৯২৯ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৪ ধারায় এক হাজার টাকা ও দণ্ডবিধির ১৮৮ ধারায় পাঁচ হাজার টাকা, ছাত্রীর চাচাকে দুই হাজার ও তার দাদাকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ ছাড়া ছাত্রীটি পড়াশোনা চালিয়ে যাবে ও অপ্রাপ্ত অবস্থায় বিয়ে দেবেন না এমন অঙ্গীকারনামা মেয়ের দাদা-চাচার কাছ থেকে নেওয়া হয়। পাশাপাশি অপ্রাপ্ত কোনো মেয়েকে বিয়ে না করার মুচলেকা নিয়ে বরকে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে সুচরিতা দেব বলেন, ছাত্রীটির বিয়ে আপাতত বন্ধ করা গেলেও ভবিষ্যৎ নিয়ে ভাবনায় আছেন। সে যেন পড়ালেখা চালিয়ে যেতে পারে, সে জন্য উদ্যোগ নেওয়া হবে।