পরীক্ষার ফরম পূরণে বাড়তি ফি আদায় কেন বেআইনি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের কাছে থেকে ফরম পূরণ বাবদ বাড়তি ফি আদায় কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল দেন।
‘আট গুণ বাড়তি ফি আদায়’ শিরোনামে গতকাল একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে বলা হয়, ফরম পূরণ বাবদ নির্ধারিত ফি এক হাজার ৪০০ টাকা। অথচ বাড়তি ফি নেওয়া হচ্ছে। প্রতিবেদনটি বিবেচনায় নিয়ে রুল দেওয়া হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম ও স্বরূপ কান্তি দেব।
রুল জারির বিষয়টি জানিয়ে জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে ফি গ্রহণ বিষয়ে বিবাদীদের ১২ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। শিক্ষাসচিব এবং আটটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।