পরীক্ষার ফল জানা হলো না নিত্যচন্দ্রের
ফলাফল জানার আগেই এক আদিবাসী এসএসসি পরীক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার জয়পুরহাটের সদর উপজেলার তেঘরবিশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই পরীক্ষার্থীর নাম নিত্যচন্দ্র পাহান। সে তেঘরবিশা গ্রামের মৃত মুকুন্দ পাহানের ছেলে। তাকে বাঁচাতে গিয়ে আমিন চন্দ্র পাহানও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিত্যচন্দ্র স্থানীয় তেঘর উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে মানবিক বিভাগের ছাত্র ছিল। সে দিনমজুরি করে লেখাপড়া ও সংসারের খরচ জোগাড় করত। বাড়িতে তার মা ও ছোট ভাইবোন আছে। পুলিশ জানায়, গতকাল সকাল আটটার দিকে তেঘরবিশা গ্রামের বরুণ চন্দ্রের জমিতে ছয়জন আদিবাসীর সঙ্গে নিত্যচন্দ্রও ধান কাটছিল। ওই জমিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনের একটি খুঁটি ছিল। ওই খুঁটির সঙ্গে থাকা টানায় (খুঁটির ভারসাম্য রক্ষার জন্য লাগানো) বিদ্যুৎ ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ওই টানায় হাত পড়লে নিত্যচন্দ্র বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে আরেক দিনমজুর আমিন চন্দ্রও বিদ্যুৎস্পৃষ্ট হয়। জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।নিত্যচন্দ্র পাহানের মা মহামণি পাহান বলেন, ‘হামার ছ্যল (ছেলে) কামলা খেটে লেখাপড়া করে পরীক্ষা দিল, পরীক্ষার ফল কী হলো, তা-ও জানে গেল না।’প্রধান শিক্ষক আবদুল মোত্তালেব জানান, নিত্যচন্দ্র পাহান লেখাপড়ায় মোটামুটি ভালোই ছিল। সে জিপিএ-৩.০৬ পেয়েছে। এ আনন্দের দিনে ফলাফল জানার আগেই সে মারা গেছে। বিষয়টি খুব দুঃখজনক। সদর থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খায়রুল ইসলাম জানান, একই বিদ্যুতের খুঁটিতে পল্লী বিদ্যুৎ সমিতি ও পিডিবির লাইন থাকায় কাদের লাইন থেকে এই দুর্ঘটনা ঘটল, বিষয়টি খতিয়ে দেখা হবে।