পরীক্ষার ফল জানা হলো না প্রভাতীর
এসএসসি পাসের সংবাদ জানা হলো না কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বেড়াকুটি গ্রামের প্রভাতী রবিদাসের। জন্ডিসে আক্রান্ত প্রভাতী অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে ভেষজ ওষুধ সেবন করে গুরুতর অসুস্থ হয়ে গত বুধবার নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়।
প্রতিবেশী ও পরিবারের লোকজন জানান, বেড়াকুটি গ্রামের দিনমজুর গোপীলাল রবিদাসের (৬০) দুই সন্তান—ছেলে স্বপন রবিদাস (১২) ও মেয়ে প্রভাতী রবিদাস (১৫) এক সপ্তাহ ধরে জন্ডিসে ভুগছিল। আর্থিক সামর্থ্য না থাকায় বাড়িতে নিজেদের তৈরি ভেষজ ওষুধ সেবন করে তারা। কয়েকবার সেবনের পর তারা দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে প্রভাতীর মলদার দিয়ে রক্তক্ষরণ শুরু হলে প্রতিবেশীরা তাদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে প্রভাতী মারা যায়। স্বপনের অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রভাতী ফুলবাড়ী কাশিপুর বেড়াকুটিহাট উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। গত বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে সে জিপিএ-৩ পেয়ে পাস করে।
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জি আর এস মোকছেদুর রহমান জানান, অচেতন অবস্থায় প্রভাতী ও স্বপনকে হাসপাতালে নিয়ে আসার পথে প্রভাতীর মৃত্যু হয়। স্বপনকে গুরুতর অবস্থায় রংপুরে পাঠানো হয়েছে।