পরীক্ষার ফল জানা হলো না সাদিয়ার
পরীক্ষার ফল জানার জন্য আজ খুব ভোরে ঘুম থেকে উঠেছিল ছোট্ট সাদিয়া আক্তার। সকাল সকাল তৈরি হয়ে মাকে নিয়ে স্কুলে যায় সে। কিন্তু ফলাফল আর জানা হলো না পাঁচ বছরের এই শিশুর। স্কুলের সামনের রাস্তায় বালু বহনকারী ট্রাক্টরের নিচে চাপা পড়ে মারা যায় সে।
আজ শনিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ইউনিয়নের গোঁসাই চান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল সাদিয়া। আজ তার ফাইনাল পরীক্ষার ফল প্রকাশের দিন ছিল।
সাদিয়ার বড় ভাই শরীফুল ইসলাম (১২) জানায়, তারা দুই বোন, দুই ভাই। সাদিয়া সবার ছোট। শিশু শ্রেণি থেকে এবার সে ফাইনাল পরীক্ষা দিয়েছিল। বেলা ১১টার দিকে ফলাফল আনতে মা নূরজাহান বেগমের সঙ্গে স্কুলে যায় সাদিয়া। একসময় মা শিক্ষকদের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন। তখন সাদিয়া সহপাঠীদের সঙ্গে খেলতে খেলতে স্কুলের সামনের সড়কে চলে যায়। ওই সময় সড়কের নির্মাণকাজে ব্যবহৃত বালু বহনকারী একটি ট্রাক্টর বালু ফেলে যাওয়ার সময় সাদিয়াকে চাপা দেয়।
পরিবারের সদস্যরা জানান, আহত শিশুটিকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সাদিয়ার চাচি নুরুন্নহার বলেন, মেয়েকে ট্রাক্টরের নিচে চাপা পড়তে দেখে মা নূরজাহান অচেতন হয়ে পড়েন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো নূরজাহান বেগমের জ্ঞান ফেরেনি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ট্রাক্টর চাপায় শিশু নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় শিশুটির পরিবারের কেউ মামলা করেনি বলে তিনি জানান।