পরীক্ষার ফল দেখা হলো না আঁখির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার ফলাফল জানতে স্কুলে যাচ্ছিল উম্মে তাইবা ওরফে আঁখি (১০)। কিন্তু পরীক্ষার ফল আর দেখা হলো না তার। স্কুলের যাওয়ার পথেই মাইক্রোবাস কেড়ে নিয়েছে তার প্রাণ। আজ শনিবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কুলচারা-গাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ সময় এক মা ও তাঁর শিশু সন্তানসহ আহত হয়েছেন তিনজন। তাঁদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার গাবলা গ্রামের বাসিন্দা উম্মে তাইবা আঁখি উপজেলা শহর এলাকায় একটি আধুনিক কিন্ডার গার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্র জানায়, আজ আঁখির স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল দেওয়ার কথা। ফলাফল জানতে সকাল ১০টার দিকে সে বাসা থেকে বের হয়। গাড়ির জন্য কুলচারা-গাবলা এলাকায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের এক পাশে আরও কয়েকজনের সঙ্গে দাঁড়িয়েছিল সে। এ সময় একটি মাইক্রোবাস সামনে থাকা একটি গাড়িকে পাশ কাটানোর সময় আাঁখিসহ চারজনকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁদের ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করেন।
আহত দুজন হলেন, শ্যামলী খাতুন (৩০) ও তাঁর আট বছরের মেয়ে সাফিয়া খাতুন। আরেকজনের নাম জানা যায়নি।
বিকেলের দিকে আঁখির বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে শোকের মাতম। সন্তানকে হারিয়ে বাবা-মা পাগলপ্রায়। তিন বোনের মধ্যে আঁখি ছিল সবার ছোট। পরিবারের লোকজন জানান, ওর ক্লাসে মোট ৩৮ ছাত্রছাত্রীর মধ্যে পরীক্ষায় ১৭ তম স্থান অধিকার করেছে আঁখি। কিন্তু এ ফলাফল সে জেনে যেতে পারল না। শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, আঁখির লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মাইক্রোবাস ও চালককে আটকের চেষ্টা চলছে।