পরীক্ষার ফলের ভিত্তিতে বাছাই হবে না সেরা স্কুল-কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি ও এইচএসসিসহ পাবলিক পরীক্ষায় ফলের ভিত্তিতে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান বাছাই করায় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘অসুস্থ’ প্রতিযোগিতা হচ্ছে বলে মনে করছেন শিক্ষা মন্ত্রনালয় ও শিক্ষাবোর্ডের কর্মকর্তারা। পরীক্ষার দিন সকালে শিক্ষকদের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষার আগেই ফল খারাপ করতে পারে এমন শিক্ষার্থীদের ফরম পূরণ করতে না দেওয়ার ঘটনা এ কারণেই ঘটছে বলে তাঁরা মনে করছেন।
এই পরিপ্রেক্ষিতে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের ব্যবস্থা বাতিলের প্রস্তাব উঠেছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষাসচিব নজরুল ইসলাম খানও এই প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন। তবে আজ প্রকাশিত ফল থেকে এটা কার্যকর হচ্ছে না।
জানতে চাইলে শিক্ষামন্ত্রী প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা হবে এমন চিন্তা থেকেই কয়েক বছর আগে এই ব্যবস্থা চালু করা হয়েছিল। কিন্তু এটি করতে গিয়ে কিছু প্রতিষ্ঠান ও শিক্ষক অনৈতিক কাজ করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
শিক্ষাসচিব নজরুল ইসলাম খানও এই ব্যবস্থা বাতিলের পক্ষে। এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ব্যক্তিগতভাবে তিনিও মনে করেন এভাবে সেরা প্রতিষ্ঠান বাছাই করা ঠিক হচ্ছে না। তিনি চান প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানই ভালো করুক। সবাই একসঙ্গে এগিয়ে যাক।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চপদস্থ একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, চলতি উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় দেখা গেছে, বেশ কিছু কেন্দ্রে পরীক্ষার দিন সকালে নির্ধারিত সময়ের আগেই এক শ্রেণির অসাধু শিক্ষক সিলগালা প্রশ্নপত্রের প্যাকেট খুলে সেখান থেকে একটি বা একাধিক প্রশ্ন সরিয়ে ফেলছেন। পরে তা মুঠোফোনে কিংবা হাতে লিখে বাইরে পাঠিয়ে দিচ্ছেন।
বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তারা জেনেছেন, মূলত নিজ প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের কাছেই উত্তরসহ প্রশ্ন পাঠানো হচ্ছে। উল্লেখ্য, বর্তমানে এক প্রতিষ্ঠানের পরীক্ষা হয় অন্য প্রতিষ্ঠানে।
কর্মকর্তারা আরও জানতে পেরেছেন যে এ কাজটি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (প্রতিষ্ঠানপ্রধান) কয়েকজনের যোগসাজশে হচ্ছে। এ ছাড়া প্রাইভেট-কোচিং করান এমন কিছু শিক্ষকও তাঁর শিক্ষার্থীদের কাছে প্রশ্ন ফাঁস করছেন। চলতি এইচএসসি পরীক্ষায় টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ ও রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষার দিন সকালে নতুন এই কৌশলে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা হাতেনাতে ধরা পড়ে।
পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সেরা প্রতিষ্ঠান বাছাইয়ের বিদ্যমান ব্যবস্থা বাদ দিতে হবে। এই ব্যবস্থা বর্তমান ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। কারণ ফল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যাতে অসুস্থ প্রতিযোগিতা না হয় সে জন্য গ্রেড পদ্ধতি চালু হয়েছিল। এ বিষয়ে তাঁরা সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার চিন্তাভাবনা করছেন। প্রশ্নপত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ বাদ দিয়ে সংক্ষিপ্ত আকারের লিখিত প্রশ্ন চালু করারও প্রস্তাব দেবেন তাঁরা।
জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ প্রথম আলোকে বলেন, ব্যক্তিগতভাবে তিনিও মনে করেন ফলের ভিত্তিতে সেরা ২০ প্রতিষ্ঠান বাছাই করা ঠিক নয়। তবে বিষয়টি যেহেতু নীতিনির্ধারণীর সিদ্ধান্ত, তাই সেটি তারাই বিবেচনা করবে।
ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা বলেন, ব্যবসায়িকভাবে গড়ে ওঠা কিছু শিক্ষাপ্রতিষ্ঠানও সেরা তালিকায় চলে আসছে। এ ধরনের প্রতিষ্ঠান একবার সেরা তালিকায় ঢুকে বছরের পর বছর বিজ্ঞাপন দিয়ে অনেক ক্ষেত্রে শিক্ষার্থী-অভিভাবকদের বিভ্রান্ত করছে।