পুলিশ বিভাগের পরামর্শে নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ছয় ধাপের পরিবর্তে ১১ থেকে ১২ ধাপে করার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে কমিশনকে এইচএসসি পরীক্ষার বিরতির ফাঁকেও ভোট গ্রহণ করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয় ও পুলিশের সঙ্গে বৈঠকের পর কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মঙ্গলবার কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় ও পুলিশের সঙ্গে কমিশনের বৈঠক হয় গত রোববার।
চলমান এসএসসি পরীক্ষা আগামী মার্চের মাঝামাঝি সময়ে শেষ হবে। ৩ এপ্রিল থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা। এ কারণে মার্চের শেষ সপ্তাহের প্রথম ধাপে সাড়ে ৭০০ ইউপিতে এবং মে ও জুন মাসে পাঁচ ধাপে বাকি ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। এইচএসসি পরীক্ষার কারণে এপ্রিলে নির্বাচন না করার সিদ্ধান্ত হয়েছিল।
কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, নির্বাচনের উপযোগী ইউপির সংখ্যা ৪ হাজার ২৭৯টি। কমিশন সচিবালয়ের একাধিক শীর্ষ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, রোববার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একসঙ্গে বেশিসংখ্যক ইউপিতে নির্বাচন হলে তাদের পক্ষে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না। কমিশন তাদের এই পরামর্শ গ্রহণ করেছে। সে অনুযায়ী কমিশন শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ১১-১২ ধাপে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এপ্রিল ও মে মাসে এইচএসসি পরীক্ষার বিরতির ফাঁকে প্রতি শনিবার কিছু কিছু ইউপিতে ভোট গ্রহণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় বলেছে, এ ক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না।
গতকাল কমিশনের বৈঠকের পর নির্বাচন কমিশনার জাবেদ আলী সাংবাদিকদের বলেন, ইউপি নির্বাচন ১১-১২ ধাপে করা হবে। নির্বাচনের তফসিলের বিষয়ে আজ বুধবার কমিশনের সভায় সিদ্ধান্ত হবে।
কমিশন সচিবালয় থেকে জানা যায়, নির্বাচন পরিচালনা ও আচরণবিধি যাচাইবাছাই করে গত সোমবার আইন মন্ত্রণালয় থেকে কমিশনে পাঠানো হয়েছে। কমিশন আচরণবিধিতে প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করলেও আইন মন্ত্রণালয় তা বাদ দিয়েছে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, ইউপি নির্বাচনে কমিশনের প্রার্থিতা বাতিলের ক্ষমতার বিষয়ে মূল আইনে কিছু বলা নেই। যে কারণে এ ধরনের নিয়ম বিধিতে রাখা আইনসম্মত নয়।
১০ পৌরসভার তফসিল আজ: নির্বাচন কমিশন নির্বাচন উপযোগী ১০টি পৌরসভায় নির্বাচনের তফসিল আজ ঘোষণা করবে। গতকাল কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পৌরসভাগুলো হলো রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া সদর, ঝালকাঠি সদর, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী, ফেনীর সোনাগাজী ও ঝিনাইদহের কালীগঞ্জ।