পরীক্ষার ফি কমানোসহ বিভিন্ন দাবিতে সিএ শিক্ষার্থীদের বিক্ষোভ
ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে গতকাল বৃহস্পতিবার কারওয়ান বাজারে সিএ ভবনের সামনে বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা পরীক্ষা ও নিবন্ধন ফি কমানো এবং পুরোনো সিলেবাস অব্যাহত রাখার দাবি জানান।শিক্ষার্থীরা জানান, আগে পার্ট-১ পরীক্ষার ফি ছিল দুই হাজার টাকা। হঠাৎ তা পাঁচ হাজার টাকা করা হয়েছে। একইভাবে পার্ট-২-এর ফি দুই হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে চার হাজার এবং পার্ট-৩ পরীক্ষার ফি আড়াই হাজার থেকে পাঁচ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া নিবন্ধন ফি আগে ছিল আট হাজার টাকা। কিন্তু এক বছরে তা বাড়িয়ে ১৫ হাজার এবং এখন ২৫ হাজার টাকা করা হয়েছে। সম্প্রতি পার্ট-১-এর পুরোনো সিলেবাস বাদ দিয়ে নতুন সিলেবাস চালুর চেষ্টা করা হচ্ছে। কিন্তু শিক্ষার্থীরা তা চান না।সিএ ছাত্র পরিষদের নেতারা জানান, পরীক্ষার ফি কমানো এবং পুরোনো সিলেবাস চালু রাখার জন্য বিভিন্ন সময় কাউন্সিলের নেতাদের জানানো হয়। দাবি না মানায় তাঁরা বিক্ষোভ করতে বাধ্য হন।বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ এসে তাঁদের শান্ত করে। পরে ছাত্রদের একটি অংশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে।বিষয়টি জানতে আইসিএবির সাধারণ সম্পাদক এন আই চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দাবিদাওয়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে তাঁরা বৈঠকে বসেছেন। অচিরেই সমস্যার সমাধান হয়ে যাবে।