পরীক্ষার ফি কমানোসহ বিভিন্ন দাবিতে সিএ শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে গতকাল শুক্রবার কারওয়ান বাজারে সিএ ভবনের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। এ সময় তাঁরা পরীক্ষা ও নিবন্ধন ফি কমানো, পুরাতন সিলেবাস অব্যাহত রাখা এবং নতুন সিলেবাসের অস্পষ্টতা দূর করার দাবি জানান। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় এই মানববন্ধন হয়। পরে শিক্ষার্থীরা সিএ ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। সেখানে সিএ ছাত্র পরিষদের নেতা সাইফুল ইসলাম বলেন, দাবি না মানলে তাঁরা পরীক্ষার ফরম পূরণ করবেন না। তিনি সব শিক্ষার্থীকে এই দাবির সঙ্গে থাকার আহ্বান জানান। ছাত্র পরিষদের নেতারা জানান, পরীক্ষার ফি কমানো এবং পুরাতন সিলেবাস চালু রাখার জন্য বিভিন্ন সময় কাউন্সিলের নেতাদের জানানো হয়েছে। কিন্তু দাবি না মানায় তাঁরা আন্দোলন করছেন।