প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রতিটি বিষয়ের আগে কমপক্ষে এক দিন করে বিরতি দেওয়ার দাবিতে গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে। নগরের বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকেরা এই মানববন্ধনে অংশ নেন।এ সময় অভিভাবকেরা প্রতিটি পরীক্ষার আগে কমপক্ষে এক দিন করে বিরতি রাখার অনুরোধ জানান শিক্ষামন্ত্রীর কাছে। ঘোষিত সময়সূচিতে ইংরেজি পরীক্ষার আগে তিন দিন বিরতি রাখা হয়েছে। এরপর বিরতিহীনভাবে বাকি পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে।অভিভাবকেরা মনে করেন, এভাবে একনাগাড়ে পরীক্ষায় অংশ নেওয়ায় শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ পড়বে। তারা ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে না।মানববন্ধনে খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি কলেজিয়েট স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকেরা অংশ নেন।আগামী ২১ নভেম্বর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।