পরীক্ষার মাত্র এক দিন আগে প্রবেশপত্র পেল ১৭ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার মাত্র এক দিন আগে প্রবেশপত্র পেল ১৭ জন শিক্ষার্থী। গতকাল শনিবার বিকেল সাড়ে তিনটায় পাহাড়তলী রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের এসব পরীক্ষার্থীকে প্রবেশপত্র দেওয়া হয়। গত বৃহস্পতিবার থেকে স্কুলে প্রবেশপত্র দেওয়া শুরু হয়।শিক্ষার্থীদের অভিযোগ, তারা গত তিন দিন প্রবেশপত্রের জন্য স্কুলে এলেও নানা অজুহাতে তাদের ফিরিয়ে দেওয়া হয়। শ্রেণী শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে বলা হয়। আবার প্রধান শিক্ষক যোগাযোগ করতে বলেন শ্রেণী শিক্ষকের সঙ্গে। অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামশুল হুদা প্রথম আলোকে বলেন, ‘গত দুদিন ধরে আমাদের ব্যস্ততা ছিল। শনিবার রেলওয়ের একটি নিয়োগ পরীক্ষা হয়েছে বিদ্যালয়ে। তা ছাড়া আমাদের করণিক সিরাজুল ইসলাম হূদেরাগে আক্রান্ত হওয়ায় কিছুটা সময় লেগেছে। বিকেলে তাঁর কাছ থেকে প্রবেশপত্রসহ সব কাগজপত্র সংগ্রহ করে ছাত্রদের হাতে তুলে দেওয়া হয়।’শ্রেণী শিক্ষকের দায়িত্ব পালনকারী আমেনা বেগম ছাত্রদের হয়রানির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমাদের কাজের ঝামেলার কারণে প্রবেশপত্র ছাত্রদের হাতে তুলে দিতে সমস্যা হয়েছে। আমরা ১ নভেম্বরও অনেক ছাত্রকে প্রবেশপত্র দিয়েছি।’অভিভাবক, শিক্ষক ও ছাত্রদের সঙ্গে কথা বলে জানা যায়, এসব শিক্ষার্থীর দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিতি এবং খারাপ ফলাফলের কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের প্রবেশপত্র দিতে সময় নেয়, যাতে তারা কিছুটা হলেও এর গুরুত্ব উপলব্ধি করতে পারে।গতকাল বিকেলে সরেজমিনে পাহাড়তলী রেলওয়ে স্কুলে গিয়ে দেখা যায়, দ্বিতল স্কুলভবনের নিচে অপেক্ষা করছেন অভিভাবক ও ১৭ জন শিক্ষার্থী। এ সময় মমতাজ বেগম নামে একজন ক্ষুব্ধ অভিভাবক বলেন, ‘গত কয়েক দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা প্রবেশপত্রের জন্য শ্রেণী শিক্ষক আমেনা বেগম ও প্রধান শিক্ষকের পেছনে ঘুরছি। তাঁরা একজন অন্যজনের কাছে যেতে বলেন আমাদের। কিন্তু এর পরও কোনো কাজ হচ্ছে না। কী কারণে প্রবেশপত্র দেওয়া হচ্ছে না তা আমাদের কেউ বলছেন না।’স্কুলের জেএসসি পরীক্ষার্থী সঞ্জয় দে জানায়, ‘গত শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রবেশপত্রের জন্য অপেক্ষা করেছি। কিন্তু তার পরও প্রবেশপত্র দেওয়া হয়নি। বিকেলে শ্রেণী শিক্ষকের সঙ্গে কথা বললে তিনি প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে বলেন। গতকাল শনিবার সকাল থেকে আমরা অপেক্ষা করছি। এখনো কেউ কিছু বলছেন না।’মো. ইমন হোসেন নামে অপর পরীক্ষার্থী বলে, ‘শ্রেণী শিক্ষক বলেছেন আমরা ক্লাসে উপস্থিত ছিলাম না, তাই আমাদের প্রবেশপত্র দেওয়া হচ্ছে না।’