পরীক্ষার সময় কমানোর প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষার সময় আধা ঘণ্টা কমানোর প্রতিবাদে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে পাবনা-ঈশ্বরদী সড়কে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মসূচি চলে। এতে কলেজের ২৬টি বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। পরীক্ষার সময়সীমা কমানোর প্রতিবাদে তাঁরা বিভিন্ন পোস্টার ও ব্যানার প্রদর্শন করেন।
শিক্ষার্থীরা বলেন, এত দিন তাঁরা চার ঘণ্টা ধরে পরীক্ষা দিয়ে আসছেন। এ সময়ের মধ্যেও সব উত্তর ঠিকমতো লিখতে গিয়ে
তাঁরা হিমশিম খেতেন। এখন এই সময় আধা ঘণ্টা কমিয়ে সাড়ে তিন ঘণ্টা করা হয়েছে। এতে শিক্ষার্থীরা চরম সমস্যায় পড়বেন। তাঁরা ফল খারাপ করবেন। তাই তাঁরা অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন।