পরীক্ষার সময় ফেসবুক বন্ধ রাখা যায় কি না, খতিয়ে দেখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘এবার যদি কেউ এই পথে হাঁটে, হাত দেয়, তাহলে সেই হাত পুড়ে যাবে, ভেঙে দেওয়া হবে। এবার কাউকে রেহাই দেওয়া হবে না। পরীক্ষা চলাকালে ফেসবুক বন্ধ রাখা যায় কি না, এ বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।’
এসএসসি পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় আইনশৃঙ্খলা কমিটির সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, পরীক্ষা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ অন্যান্য সার্বিক বিষয় দেখভালের জন্য ২৫ সদস্যের একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। সেখানে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তাদের রাখা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে মিথ্যা প্রচার ও রটনা না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। তিনি জানান, কোচিং সেন্টারগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়েছে। প্রশ্নপত্র ছাপা হওয়ায় এখন থেকে বিজি প্রেসের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট কক্ষগুলোতে সিসিটিভি বসানো হয়েছে। তিনি বলেন, ‘প্রশ্নপত্র বা সাজেশন সত্য-মিথ্যা যা-ই হোক, কারও কাছে পাওয়া গেলে বা কেউ ফেসবুকে দিলে পরীক্ষা-সম্পর্কিত আইন, ১৯৮০ এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা করতেও শিক্ষা বোর্ডগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে।’
সভায় উপস্থিত ছিলেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দিলারা হাফিজ।