এসএসসি পরীক্ষা চলাকালে হরতাল ও অবরোধ কর্মসূচি স্থগিত রাখার আহ্বান জানিয়েছে খেলাঘর চট্টগ্রাম মহানগর শাখা। চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে সংগঠনটি।
সমাবেশে বক্তারা বলেন, দেশের ১৫ লাখ এসএসসি পরীক্ষার্থী চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। অভিভাবকদের মনে আতঙ্ক ভর করেছে। দেশজুড়ে চলমান রাজনৈতিক সহিংসতা থেকে বাদ যাচ্ছে না শিশুরাও। অনেকে বার্ন ইউনিটে যন্ত্রণায় কাতরাচ্ছে। নৃশংসতার শিকার হয়ে মারাও গেছে। বক্তারা শিশুহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সংগঠনের সভাপতি অধ্যাপক গাজী সালেহউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোজী সেনের পরিচালনায় বক্তব্য দেন প্রকৌশলী দেলোয়ার মজুমদার, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিভাগীয় সভাপতি উত্তম চৌধুরী, চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, বোধন আবৃত্তি সংসদের সভাপতি রণজিৎ রক্ষিত, রথীন সেন প্রমুখ।