পরীক্ষার সময় হরতাল না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার সময় হরতাল কর্মসূচি না দিতে বিরোধীদলীয় নেতার প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, ‘আমাদের শিশুদের শিক্ষাজীবন ধ্বংস না করতে আমি তাঁর প্রতি অনুরোধ জানাচ্ছি। আমি জানি না, তিনি (খালেদা জিয়া) আমার অনুরোধের প্রতি সম্মান দেখাবেন কি না। কারণ, তিনি আমাদের যেকোনো প্রস্তাবে “না” ছাড়া আর কিছুই বলতে জানেন না।’
গতকাল বৃহস্পতিবার গাজীপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘৪ নভেম্বর জেএসসি পরীক্ষা শুরু হবে। আমরা শুনতে পাচ্ছি, বিএনপি ৪ তারিখ থেকে আবার হরতাল ডাকতে পারে। এভাবেই বিরোধী নেত্রী শিক্ষাব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে চান।’
প্রধানমন্ত্রী আবারও বলেন, ‘আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন অবাধ ও নিরপেক্ষভাবে আগামী নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে। কিন্তু উনি তত্ত্বাবধায়ক সরকার চান। দেশের সর্বোচ্চ আদালত সেটা বাতিল করে দিয়েছেন। বিরোধী নেত্রী ভোট চুরি করতে পারবেন না, তাই তালগোল পাকানোর চেষ্টা করছেন।’
প্রধানমন্ত্রী গাজীপুরসহ দেশের অসমাপ্ত উন্নয়নকাজ শেষ করতে এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে আবার সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি ফিরে আসবে।
খালেদা জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তিনি বোমা হামলাকারী, জঙ্গি ও সন্ত্রাসীদের প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার করেছিলেন। কিন্তু তিনি অপরাধীদের পৃষ্ঠপোষকতা অব্যাহত রেখেছেন। তিনি যা বলেন তার উল্টোটা করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিরোধীদলীয় নেত্রীকে ফোনে আলোচনার আহ্বান জানিয়ে হরতাল প্রত্যাহারের অনুরোধ জানালাম। তিনি আমার অনুরোধ রাখলেন না। তিনি হরতালের নামে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য নৈরাজ্য সৃষ্টি করতে চান। হরতাল দিয়ে তিনি মানুষ খুন করছেন। গত হরতালে ২০টি প্রাণ ঝরে গেল। হরতাল না দিলে এতগুলো প্রাণ যেত না।’
গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, সাংসদ জাহিদ আহসান ও সিমিন হোসেন, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আখতারুজ্জামান প্রমুখ।
মঞ্চে ওঠার আগে প্রধানমন্ত্রী বহু প্রতীক্ষিত মেট্রোরেল ও বাস র্যাপিড ট্রানজিটসহ (বিআরটি) ৩৭ হাজার ৪৮৯ কোটি টাকা ব্যয়ে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি জনসভাস্থলে ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন।