পরীক্ষার সময় হরতাল না দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবলিক পরীক্ষাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় হরতাল না দেওয়ার জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম নামের একটি সংগঠন। বিরোধী দল হরতাল ডাকতে বাধ্য হয়, এমন পরিস্থিতি সৃষ্টি না করতে সরকারের প্রতিও আহ্বান জানিয়েছে সংগঠনটি।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায় অভিভাবক ঐক্য ফোরাম। সংবাদ সম্মেলনে রাজনৈতিক ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে ১৫ নভেম্বর থেকে সংগঠনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলন থেকে দাবি করা হয়, জামায়াতে ইসলামীর লাগাতার হরতালের ফলে বাতিল হচ্ছে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষার পরীক্ষার সময়সূচি৷ ফলে অনিশ্চয়তার মুখে পড়ছে বিভিন্ন স্তরের সাড়ে চার কোটি শিক্ষার্থী৷ আজ শুক্রবার থেকে শুরু হওয়া জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, বিগত কয়েক বছরের মতো প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার হলে ও খাতা নিরীক্ষায় শিথিলতা কোনোক্রমেই গ্রহণযোগ্য হবে না৷ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সভাপতি জিয়াউল কবির৷