পরীক্ষার সময় কমানোর প্রতিবাদে নোয়াখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার সময় কমানোর প্রতিবাদে ও বছরে ২১০ দিন ক্লাস নিশ্চিত করার দাবিতে নোয়াখালীতে গতকাল বুধবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
পরীক্ষার সময় চার ঘণ্টা থেকে কমিয়ে সাড়ে তিন ঘণ্টা করার প্রতিবাদে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি কলেজ রোড প্রদক্ষিণ করে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেন।
কলেজের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ইউছুফ ছিদ্দিকির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পদার্থবিজ্ঞান চতুর্থ বর্ষের শিক্ষার্থী জহিরুল ইসলাম, ইসলামের ইতিহাস তৃতীয় বর্ষের ছাত্রী তাহমিনা ইয়াসমিন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে একই দাবির পাশাপাশি বছরে ২১০ দিন ক্লাস নিশ্চিত করার দাবিতে নোয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাসে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে মানববন্ধন হয়। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ছাত্রফ্রন্টের কর্মীরা।
বিক্ষোভ শেষে কলাভবনের সামনে সংগঠনের কলেজ শাখার আহ্বায়ক ফখরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি কাজী জহির উদ্দিন, কলেজ কমিটির সদস্য জহিরুল হক ও দিপন মজুমদার। সমাবেশ শেষে কলেজের অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়।