সরকারি টাকায় নির্মিত মানিকগঞ্জের সাটুরিয়া আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়ের দুটি শ্রেণীকক্ষ ভাড়া দেওয়া হয়েছে রূপালী ব্যাংক, সাটুরিয়া শাখার কাছে। পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকলেও বিদ্যালয় ভবনে ব্যাংক থাকার কারণে সাটুরিয়া আদর্শ পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে সরকারি এই আদেশ উপেক্ষিত হচ্ছে। চলতি এসএসসি পরীক্ষার সময়েও গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ওই কেন্দ্র এলাকায় যাতায়াত করছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব মো. আবুল হোসেন জানান, সরকারের শিক্ষা প্রকৌশল বিভাগ ২০০৫ সালে বিদ্যালয়ের দোতলা একটি ভবন নির্মাণ করে দেন। এরপর বিদ্যালয়ের আয়ের জন্য ওই ভবনের দোতলার দুটি শ্রেণীকক্ষ রূপালী ব্যাংক, সাটুরিয়া শাখার কাছে ভাড়া দেওয়া হয়। সেই থেকে ওই ভবনে ব্যাংকের কার্যক্রম চলে আসছে। ব্যাংক থাকার কারণেই এসএসসি, প্রাথমিক শিক্ষা সমাপনী ও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা চলাকালীনও গ্রাহকদের কেন্দ্রের নির্দিষ্ট এলাকার মধ্যে প্রবেশের সুযোগ দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন বলেন, পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকলেও রূপালী ব্যাংক, সাটুরিয়া শাখার গ্রাহকদের জন্য এই নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। রূপালী ব্যাংক সাটুরিয়া শাখার ব্যবস্থাপক মজিবর রহমান জানান, তাঁর ব্যাংকে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ গ্রাহক যাতায়াত করেন। পরীক্ষা চলাকালীনও গ্রহকেরা ব্যাংকের কাগজপত্র দেখিয়ে লেনদেনের জন্য ব্যাংকে যাতায়াত করছেন। অনেকে পুলিশি হয়রানিরও শিকার হচ্ছেন। এ কারণে লেনদেন কিছুটা কমে গেছে।সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ রবিউল ইসলাম বলেন, কেন্দ্র এলাকার ভেতরে বিদ্যালয় ভবনে ব্যাংকের শাখা খোলার অনুমতি দেওয়াই ঠিক হয়নি। আমি চলতি এসএসসি পরীক্ষার প্রথম দিনই ব্যাংক গ্রাহকদের কেন্দ্র এলাকার ভেতরে প্রবেশ বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ, গ্রাহক ও স্থানীয় জনসাধারণের অনুরোধে ব্যাংক গ্রাহকদের জন্য নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়েছে।