পরীক্ষার সময় চার ঘণ্টা পুনর্বহালের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান (অনার্স) ও ডিগ্রি (পাস) কোর্সের পরীক্ষার সময় চার ঘণ্টা পুনর্বহালের দাবিতে লালমনিরহাটের পাটগ্রাম আদর্শ কলেজের ছাত্রছাত্রীরা মানববন্ধন করেছেন। গতকাল মঙ্গলবার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বুড়িমারী স্থলবন্দর-লালমনিরহাট মহাসড়কে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ওই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে ইউএনও নূর কুতুবুল আলমের মাধ্যমে পরীক্ষানিয়ন্ত্রক বরাবর একটি স্মারকলিপি দেন ওই কলেজের ছাত্রছাত্রীরা।

মানববন্ধনে বক্তব্য দেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী আঞ্জুমান আরা, সাহিদ হোসেন, আসাদুজ্জামান, সুমন আলী, বাপ্পি, দ্বিতীয় বর্ষের মেহেদী হাসান ও প্রথম বর্ষের পলাশ হোসেন প্রমুখ। এ সময় শিক্ষার্থীরা বলেন, পরীক্ষা দেওয়ার সময় বর্তমানে সাড়ে তিন ঘণ্টা করায় সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না। তাই পূর্বনির্ধারিত চার ঘণ্টা সময় বহাল রাখার দাবি জানান।