পরীক্ষার সময় হরতাল অভিভাবকেরা ক্ষুব্ধ
‘আমরা কোথায় যাব, বলেন। ছেলেমেয়েদের পরীক্ষার সময় এভাবে হয়রানি তো ভালো লাগে না। কিছুদিন আগে আমরা বেসরকারি শিক্ষকদের আন্দোলনের কারণেও পরীক্ষা নিয়ে শঙ্কায় ছিলাম। এর মধ্যে আবার হরতালের কারণে পরীক্ষা পেছানো হলো। এতে ছেলেমেয়েরা মানসিকভাবে যথেষ্ট ভেঙে পড়েছে। তাদের পরীক্ষার সামগ্রিক প্রস্তুতির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে এতে।’ এভাবেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান দেলোয়ার হোসেন নামের এক অভিভাবক। তাঁর সন্তান এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে গতকাল মঙ্গলবারের এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা পিছিয়ে যায়। এটি শুক্রবার সকাল নয়টা থেকে শুরুর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। আজ বুধবার কোনো পরীক্ষা নেই। আগামীকাল সকালে ধর্ম পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।অভিভাবক সুলতানা শাহীন ক্ষুব্ধ কণ্ঠে প্রথম আলোকে বলেন, ‘আমার বড় মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে। একটি পরীক্ষার পর হরতাল কর্মসূচি দিয়ে অবিবেচকের কাজ করেছে রাজনৈতিক দলটি। পরীক্ষার মধ্যে যুদ্ধাপরাধীদের রায় ঘোষণা দেওয়াও উচিত হয়নি।’