পরীক্ষার সময় হরতাল না দিতে শিক্ষামন্ত্রীর অনুরোধ
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা চলার সময় হরতালসহ পরীক্ষা ক্ষতিগ্রস্ত হয়, এমন কোনো কর্মসূচি না দিতে সব রাজনৈতিক দল ও সংগঠনের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষার প্রস্তুতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই অনুরোধ জানান।এ ছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক সংবাদ সম্মেলনে পরীক্ষার দিনগুলোতে হরতাল না দেওয়ার জন্য বিরোধী দলসহ সবার প্রতি অনুরোধ জানিয়েছে রাজধানীর বিভিন্ন কলেজের কিছু এইচএসসি পরীক্ষার্থী। আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ২৮ মে। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের চলমান আন্দোলনের কারণে এবারের এইচএসসি পরীক্ষা নিয়ে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ রয়েছে।গতকাল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা খুবই উদ্বিগ্ন ও মর্মাহত হয়ে আছি। কারণ হরতালের কারণে এবারের এসএসসি পরীক্ষা ঠিকমতো নিতে পারিনি। বিরোধী দলের একজন নেতা বলেছেন, পরীক্ষা হলেও তাঁরা হরতাল দেবেন। তাই শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে সব রাজনৈতিক দল ও সংগঠনের প্রতি অনুরোধ করব, এমন কোনো কর্মসূচি দেবেন না, যাতে পরীক্ষা বাধাগ্রস্ত হয়।’হরতাল হলে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘বিকল্প ব্যবস্থা আমরা কেন রাখব? বিকল্প ব্যবস্থা তো তাঁরা (বিরোধী দলসহ আন্দোলনকারীরা) রাখবেন। কারণ ১০ লাখ পরীক্ষার্থী তো কোনো দলের নয়। তাই আমরা অনুরোধ ও দাবি জানাব, তাঁরা যেন অন্য কোনো কর্মসূচির মাধ্যমে দাবি জানান। প্রয়োজনে রাতে বা পরে হরতাল করেন। পরীক্ষার্থীদের বিপদের মুখে ফেলে দেবেন না।’৮৫ হাজার পরীক্ষার্থী বেড়েছে: শিক্ষামন্ত্রী জানান, এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা, কারিগরিসহ ১০টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন। এর মধ্যে ছাত্র পাঁচ লাখ ৩৫ হাজার ৬৬২ জন এবং ছাত্রী চার লাখ ৭৬ হাজার ৯১৯ জন। গতবারের চেয়ে এবার মোট পরীক্ষার্থী বেড়েছে ৮৫ হাজার ৭৬৭ জন। গতবার পরীক্ষার্থী ছিল নয় লাখ ২৬ হাজার ৮১৪ জন।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আবদুন নূর প্রমুখ।